ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের মেয়াদ ও কর্মসূচি চূড়ান্ত হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, অধিবেশন চলবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত। রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনার সময় নির্ধারণ করা হয়েছে।
শনিবার (১৪ মার্চ) জাতীয় সংসদ ভবন-এর কেবিনেট কক্ষে অনুষ্ঠিত কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও জাতীয় সংসদ-এর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
বৈঠকে অংশ নেন কমিটির সদস্য ও সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান। উপস্থিত ছিলেন বিরোধীদলীয় নেতা মো. শফিকুর রহমানসহ অন্যান্য সদস্যরা। তাঁদের মধ্যে ছিলেন ড. খন্দকার মোশাররফ হোসেন, স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, চিফ হুইপ মো. নূরুল ইসলাম, এ টি এম আজহারুল ইসলাম, বিরোধীদলের চিফ হুইপ মো. নাহিদ ইসলাম এবং মুহাম্মদ নওশাদ জমির। স্পিকারের বিশেষ আমন্ত্রণে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালও বৈঠকে যোগ দেন।
সিদ্ধান্ত অনুযায়ী, সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন বিকেল ৩টা থেকে অধিবেশন শুরু হবে। প্রয়োজনে অধিবেশনের সময়সূচি ও কার্যদিবসে পরিবর্তন আনার ক্ষমতা স্পিকারকে দেওয়া হয়েছে।
চলতি অধিবেশনকে সামনে রেখে সংসদ সচিবালয়ে চার শতাধিক প্রশ্ন ও নোটিশ জমা পড়েছে। এর মধ্যে প্রধানমন্ত্রীর উদ্দেশে ৮টি এবং বিভিন্ন মন্ত্রীর কাছে ৪৬০টিসহ মোট ৪৬৮টি প্রশ্ন রয়েছে। বিধি-৭১ অনুযায়ী মনোযোগ আকর্ষণের নোটিশ জমা পড়েছে ২৭টি, আর বিধি-১৩১ অনুযায়ী সিদ্ধান্ত-প্রস্তাব এসেছে ৯৭টি।
বৈঠকে সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা সাচিবিক সহায়তা দেন। এছাড়া সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।