ইরানের সঙ্গে ইসরাইলের চলমান সংঘাতের মাঝেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে ফোনালাপ করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়।
গত ১৩ জুন শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফোনালাপে ইরানে চলমান ইসরাইলের সামরিক আগ্রাসন “অপারেশন রাইজিং লায়ন” সম্পর্কে ভারতের প্রধানমন্ত্রীকে অবহিত করেন নেতানিয়াহু। এর জবাবে ভারতের প্রধানমন্ত্রী চলমান সংঘাত নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং ইসরায়েলকে দ্রুত মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতা পুনরুদ্ধারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার তাগিদ দেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি লিখেছেন, "ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কাছ থেকে ফোনকল পেয়েছি। সে আমাকে ফোনে সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে অবহিত করেছেন। আমি এই ইস্যুতে ভারতের উদ্বেগের কথা জানিয়েছি এবং জোর দিয়েছি যে, এই অঞ্চলে দ্রুত শান্তি ও স্থিতিশীলতা পুনরুদ্ধার করা জরুরি।"
তার আগে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতির মাধ্যমে ইরান ও ইসরাইলের মধ্যে চলমান সংঘাতের ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করে । এছাড়াও ভারত উভয় দেশের সঙ্গেই ঘনিষ্ঠ এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উপভোগ করছে এবং প্রয়োজন হলে সম্ভাব্য সকল সহায়তা প্রদান করার জন্য প্রস্তুত বলে বিবৃতিটিতে দাবি করা হয়েছে।
ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক পোস্টে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী নেতানিয়াহু গত রাত থেকে বেশ কয়েকজন বিশিষ্ট বিশ্ব নেতার সঙ্গে কথা বলেছেন এবং মধ্যপ্রাচ্যের পরিস্থিতি সম্পর্কে তাদের অবহিত করেছেন। এর মধ্যে রয়েছেন জার্মান চ্যান্সেলর, ভারতের প্রধানমন্ত্রী এবং ফ্রান্সের প্রেসিডেন্ট। তাছাড়া শিগগিরই তিনি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ও ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলে জানানো হয়েছে।