ভারতে বসবাসরত বাঙালি মুসলমানদের জোর করে বাংলাদেশে ‘পুশ ইন’ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার (২৮ জুলাই) নয়াপল্টনে স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মরহুম শফিউল বারী বাবুর পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ মাহফিলে বক্তব্য রাখতে গিয়ে তিনি এই অভিযোগ করেন।
ভারতের প্রতি প্রশ্ন ছুঁড়ে দিয়ে রিজভী বলেন, “শেখ হাসিনা তো বাংলাদেশের মানুষ, মুসলমান। তাকে কেন পুশ ইন করছেন না? যে সমস্ত দুর্বৃত্ত ভারতে পালিয়ে গেছে, তাদের তো পুশ ইন করছেন না।”
তিনি আরও বলেন, “ভারতে হাজার হাজার বছর ধরে বসবাস করেও মুসলমান ধর্মাবলম্বী ও বাংলা ভাষাভাষী হওয়ায় তাদের জোর করে বাংলাদেশে পুশ ইন করা হচ্ছে। সরকারের উচিত তাদের পুশব্যাক করা। অতীতে এটা সম্ভব হয়েছিল, এখন কেন হচ্ছে না?”
ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে রিজভীর অভিযোগ, “ভারত বাংলাদেশে তাদের পছন্দের সরকার চায়। জনগণ সেটা পছন্দ করুক বা না করুক, তাতে ভারতের কিছু যায়-আসে না। শেখ হাসিনা সেই প্রভুত্বকারী সাম্রাজ্যবাদের প্রতিভু ছিলেন, এখন তা না থাকায় ভারতের মন খারাপ।”
তিনি বলেন, “যদি বিএনপির কোনো নেতাকর্মী অপরাধ করে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশকে বলুন, আমরা কখনো বাধা দেবো না।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী এবং সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান। এতে আরও বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, হাবিব উন নবী খান সোহেল, আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল প্রমুখ