ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম মন্তব্য করেছেন, গত দেড় দশকে আওয়ামী লীগ যে রাজনৈতিক কৌশল অনুসরণ করেছে, জামায়াতে ইসলামীও এখন একই পথে এগোচ্ছে।
শুক্রবার (৩ এপ্রিল) সকালে রাজধানীতে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে একটি সাংস্কৃতিক সংগঠন।
আব্দুস সালাম বলেন, বেগম খালেদা জিয়া মুক্তিযুদ্ধের চেতনা প্রাতিষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা করতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় গঠন করেছিলেন। একইসঙ্গে তারেক রহমানের দেশে ফেরাকে ঘিরে মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন তার জনপ্রিয়তার প্রমাণ বলেও উল্লেখ করেন তিনি।
তার দাবি, তারেক রহমানকে রাজনৈতিকভাবে দুর্বল করতে আওয়ামী লীগ বিপুল অর্থ ব্যয় করেছে। পাশাপাশি আরেকটি দলও একই ধরনের প্রচেষ্টা চালিয়েছে। এসব প্রতিকূলতার মধ্যেও জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি টিকে আছে বলে তিনি মন্তব্য করেন। তিনি আরও অভিযোগ করেন, কিছু রাজনৈতিক শক্তি সংসদ ও সরকারের কার্যক্রমে বাধা সৃষ্টি করে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে।
রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর বর্তমান অবস্থা নিয়েও সমালোচনা করেন ডিএসসিসি প্রশাসক। তার ভাষ্য, বিভিন্ন গুরুত্বপূর্ণ মুহূর্তে কিছু দলের আচরণে তাদের মানসিকতার প্রতিফলন স্পষ্ট হয়েছে, যা দেশের স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
নতুন সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড এবং ক্রীড়াবিদদের সম্মাননা প্রদান করা হচ্ছে। দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিয়ে জিয়াউর রহমানের বক্তব্যের ধারাবাহিকতায় তারেক রহমানও একই লক্ষ্য নিয়ে কাজ করছেন বলেও উল্লেখ করেন তিনি।
শেষে তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের মতোই জামায়াতও একই ধরনের রাজনৈতিক কৌশল গ্রহণ করছে এবং অতীতে দেশের স্বার্থবিরোধী কিছু প্রবণতা উভয় দলের মধ্যেই দেখা গেছে। তবে রাজনৈতিকভাবেই এসব শক্তিকে মোকাবিলা করা হবে বলে তিনি জানান।