ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক ফেনীর পরশুরাম সীমান্তে দুই বাংলাদেশি যুবককে গুলি করে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একইসঙ্গে তিনি জাতিসংঘের অধীনে আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়েছেন।
শুক্রবার (২৫ জুলাই) দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগের পাঠানো মুজিবুল আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব কথা বলেন জামায়াত আমির।
তিনি বলেন, বৃহস্পতিবার (২৪ জুলাই) গভীর রাতে বিএসএফ গুলি করে মিল্লাত হোসেন (২০) ও লিটন (৩২) নামে দুই বাংলাদেশিকে হত্যা করে এবং আফসার (৩০) নামের আরও একজনকে গুরুতর আহত করে। এ ঘটনায় আমরা গভীর উদ্বেগ, নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
ডা. শফিকুর রহমান বলেন, “বিএসএফ দীর্ঘদিন ধরেই বাংলাদেশ সীমান্তে নিরীহ মানুষ হত্যা করে আসছে। যদিও ভারত সরকার এসব হত্যাকাণ্ড শূন্যের কোঠায় নামিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছে, বাস্তবে তার উল্টো চিত্রই দেখা যাচ্ছে।”
তিনি অধিকারের তথ্য তুলে ধরে বলেন, ২০০৯ থেকে ২০২৪ সালের নভেম্বর পর্যন্ত বিএসএফ ৫৮৮ বাংলাদেশিকে হত্যা এবং ৭৭৩ জনকে আহত করেছে। আজও এসব ঘটনার কোনো সুষ্ঠু তদন্ত বা বিচার হয়নি।
তিনি আরও বলেন, সীমান্তে বাংলাদেশিদের এই ধরনের অন্যায় হত্যাকাণ্ডে বিচারহীনতা অত্যন্ত উদ্বেগজনক। এর জন্য দায়ী আওয়ামী লীগের নতজানু পররাষ্ট্রনীতি ও ভারত তোষণমূলক অবস্থান।
ডা. শফিকুর রহমান বলেন, “বাংলাদেশের জনগণ চায় প্রতিবেশী ভারতের সঙ্গে পারস্পরিক সম্মান ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। কিন্তু বারবার সীমান্তে হত্যাকাণ্ড সেই বন্ধুত্বে চরম আঘাত হানছে।”
তিনি ভারত সরকারের কাছে সীমান্তে হত্যাকাণ্ড বন্ধের আহ্বান জানান এবং মিল্লাত হোসেন ও লিটন হত্যার ঘটনায় আন্তর্জাতিক ও নিরপেক্ষ তদন্ত ও দোষীদের বিচার দাবি করেন। একইসঙ্গে বাংলাদেশ সরকারের প্রতিও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।