দুর্যোগ ও ত্রাণ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম স্বীকার করেছেন, অগ্নিকাণ্ডের প্রকৃত তদন্তে সরকারের কারিগরি ঘাটতি রয়েছে। এ সমস্যা সমাধানে স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে সাত সদস্যের কোর কমিটি গঠন করা হয়েছে, যা প্রয়োজনে ১২ থেকে ১৪ সদস্যে সম্প্রসারিত হবে। ফায়ার সার্ভিসের সাড়া দানে বিলম্ব ও সরকারের সক্ষমতা নিয়েও পর্যালোচনা চলছে।
দেশের বিভিন্ন স্থানে ধারাবাহিক অগ্নিকাণ্ডের ঘটনায় সরকারের তদন্ত প্রক্রিয়ায় কারিগরি ঘাটতি রয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ও ত্রাণ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম।
রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যায় সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, “আমরা স্বীকার করছি, অগ্নিকাণ্ডের তদন্তে কিছু কারিগরি ঘাটতি ছিল। তাই এবার একটি কোর কমিটি গঠন করা হয়েছে যাতে প্রতিটি ঘটনার সঠিক কারণ উদঘাটন করা যায়।”
স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে গঠিত এই কমিটিতে সাতজন সদস্য থাকবেন, যা প্রয়োজনে ১২ থেকে ১৪ জনে বাড়ানো হবে। আগামী ৫ নভেম্বরের মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
নাশকতা বা দেশি-বিদেশি ষড়যন্ত্রের কোনো ইঙ্গিত আছে কি না জানতে চাইলে উপদেষ্টা বলেন, “তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে কিছু বলা যাবে না। আমরা প্রত্যেকটি দিক বিবেচনা করছি—প্রযুক্তিগত, মানবিক এবং নিরাপত্তা দিকসহ।”
ফায়ার সার্ভিসের সময়মতো না পৌঁছানোর অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, “আগুন নিয়ন্ত্রণে কিছু ঘাটতি ছিল, তবে সিভিল এভিয়েশনের নিজস্ব ফায়ার সিস্টেমও কাজ করেছে। সেটি হয়তো পুরোপুরি কার্যকর ছিল না।”
সরকারের সামগ্রিক সক্ষমতা নিয়ে প্রশ্নের জবাবে ফারুক ই আজম বলেন, “আগুন লাগা হঠাৎ ঘটে যায়, কিন্তু আমরা প্রতিটি ঘটনায় শেখার চেষ্টা করছি। তদন্তের মাধ্যমে সীমাবদ্ধতাগুলো চিহ্নিত করে আরও কার্যকর দুর্যোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা হবে।”