আগামী ৩০ আগস্ট দুই দিনের সফরে ঢাকা আসছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। এ সফরে অভিবাসন, দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য ও প্রতিরক্ষা বিষয়ে আলোচনা হবে। অন্তর্বর্তী সরকারের সময় এটি ইউরোপের কোনো শীর্ষ নেতার প্রথম বাংলাদেশ সফর। সফরকালে তিনি ৩১ আগস্ট প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন।
দুই দিনের রাষ্ট্রীয় সফরে ৩০ আগস্ট ঢাকায় আসছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। এই সফরকে ঘিরে অভিবাসন ইস্যু বিশেষ গুরুত্ব পাচ্ছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। অন্তর্বর্তী সরকারের সময় ইউরোপের কোনো দেশের শীর্ষ পর্যায়ের নেতার এটিই প্রথম সফর। সফরের দ্বিতীয় দিন ৩১ আগস্ট প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বাংলাদেশের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে মিলিত হবেন।
রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সফর উপলক্ষে একটি আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম। বৈঠকে অভিবাসন ছাড়াও দ্বিপক্ষীয় সম্পর্ক, ব্যবসা-বাণিজ্য, প্রতিরক্ষা ও অন্যান্য সম্ভাব্য খাত নিয়ে আলোচনা হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, বৈধ ও নিরাপদ অভিবাসনের লক্ষ্যে বড় অগ্রগতি হতে পারে এই সফরের মাধ্যমে। উল্লেখ্য, চলতি বছরের মে মাসে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাতেও পিয়ান্তেদোসির ঢাকা সফরের সময় ‘মাইগ্রেশন অ্যান্ড মবিলিটি’ শীর্ষক একটি সমঝোতা স্মারকে সই হয়।
ঢাকার কূটনৈতিক সূত্র জানিয়েছে, ওই সফরের সময়েই ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সম্ভাব্য সফর নিয়ে আলোচনা হয় এবং ইতালির পক্ষ থেকে ইতিবাচক সাড়া দেওয়া হয়। পাশাপাশি বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO)-এর একটি সম্মেলনে অংশ নিতে রোমে যাওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে।
প্রসঙ্গত, ১৯৯৮ সালে প্রথমবারের মতো ইতালির প্রধানমন্ত্রী রোমানো প্রোদি ঢাকা সফর করেছিলেন। এবার প্রায় দুই যুগ পর দ্বিতীয়বারের মতো ঢাকায় আসছেন ইতালির কোনো প্রধানমন্ত্রী। জর্জিয়া মেলোনির এই সফরকে ঘিরে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও দৃঢ় হওয়ার প্রত্যাশা করা হচ্ছে।