লোডশেডিংয়ে রাজধানীর বিভিন্ন এলাকা অন্ধকারে
রামপুরা গ্রিডে ত্রুটিতে ব্যাহত বিদ্যুৎ সরবরাহ, পিজিসিবির প্রকৌশলীরা কাজ করছেন
রোববার (২২ জুন) রাত ৯টা ৫০ মিনিটে রামপুরায় অবস্থিত পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) ২৩০/১৩২ কেভি গ্রিড সাবস্টেশনে আকস্মিক কারিগরি ত্রুটির কারণে রাজধানীর বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহে অনাকাঙ্ক্ষিত বিঘ্ন ঘটে। এর ফলে ঢাকার একাধিক এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে।
লোডশেডিংয়ে অন্ধকারে ডুবে যায় ধানমন্ডি, মিরপুর, ফার্মগেট, মতিঝিল, গুলশান, বকশিবাজার, সেগুনবাগিচা, রামপুরা, হাতিরঝিল, বনানী, মগবাজারসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকা।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) তথ্য কর্মকর্তা শামীম আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, “রামপুরা উলন গ্রিডে কাজ চলছে। কিছুক্ষণের মধ্যেই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে বলে আশা করা যাচ্ছে।”
তিনি আরও বলেন, “রামপুরায় পিজিসিবির একটি সাবস্টেশনে বিদ্যুৎ বিভ্রাট ঘটেছে। এর ফলে ডিপিডিসির আওতাভুক্ত অধিকাংশ এলাকাই এই ত্রুটির কারণে প্রভাবিত হয়েছে। তবে ডেসকোর আওতাধীন অঞ্চলগুলোতে এর প্রভাব কম।”
পিজিসিবির এক বার্তায় জানানো হয়েছে, গ্রিডের সমস্যার দ্রুত সমাধানে প্রকৌশলীরা নিরলসভাবে কাজ করছেন। প্রয়োজনে বিকল্প উপায়ে (বাইপাস করে) বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধারের চেষ্টা চলছে। পরিস্থিতি স্বাভাবিক হতে প্রায় আধা ঘণ্টা থেকে এক ঘণ্টা সময় লাগতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছে প্রতিষ্ঠানটি