বিদেশে বাংলাদেশের কূটনৈতিক মিশন ও সরকারি দপ্তর থেকে রাষ্ট্রপতির ছবি সরানো নিয়ে গুঞ্জনের জবাবে উপপ্রেস সচিব জানিয়েছেন, এ বিষয়ে কোনো লিখিত নির্দেশনা জারি হয়নি। বরং অন্তর্বর্তী সরকার শুরু থেকেই ‘জিরো পোর্ট্রেট নীতি’ অনুসরণ করছে, যা সরকারি দপ্তরে ছবি ব্যবহারে নিরুৎসাহিত করে।
বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন, কনস্যুলেট, কূটনীতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি সরানোর খবরে রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন শুরু হয়। তবে এ নিয়ে কোনো লিখিত নির্দেশনা দেয়নি পররাষ্ট্র মন্ত্রণালয়। বিষয়টি নিয়ে রবিবার (১৭ আগস্ট) রাতে নিজের ফেসবুক প্রোফাইলে ব্যাখ্যা দেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার।
তিনি জানান, অন্তর্বর্তী সরকার শুরু থেকেই ‘জিরো পোর্ট্রেট নীতি’ মেনে চলছে। সরকারি দপ্তরে রাষ্ট্রপ্রধান বা সরকারের কোনো ব্যক্তির ছবি ব্যবহারে নিরুৎসাহিত করা হচ্ছে। যদিও কেউ কেউ ব্যক্তিগত উদ্যোগে এসব ছবি ব্যবহার করেছেন। তিনি স্পষ্ট করেন, কোনো দপ্তর বা মিশনকে রাষ্ট্রপতির ছবি সরাতে লিখিত নির্দেশনা দেওয়া হয়নি।
তার মতে, নির্বাচনের সময় ঘনিয়ে আসায় রাজনীতি নিয়ে বিভ্রান্তি তৈরির সুযোগ কমে যাচ্ছে। তাই ছোটখাটো বিষয়কেও বড় করে উপস্থাপন করে বাজার গরম করার চেষ্টা চলছে।