জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি সামনে রেখে রাজধানীর গুরুত্বপূর্ণ মেট্রোরেল পিলারগুলোতে চিত্রিত হচ্ছে শেখ হাসিনা সরকারের দেড় দশকের শাসনামলের সমালোচিত ঘটনাবলি।
‘ফিরে দেখা ফ্যাসিস্ট রেজিম’ শিরোনামে তৈরি এই গ্রাফিতিগুলোতে উঠে আসছে নিপীড়ন, দমন-পীড়ন, আন্দোলন ও গুম-হত্যার নানা অধ্যায়।
কারওয়ান বাজার মেট্রো স্টেশন থেকে শুরু করে ফার্মগেট পর্যন্ত সড়কপথে গেলেই নজরে পড়বে এই ব্যতিক্রমী চিত্রকর্ম। প্রতিটি পিলারের এক পাশে সাল ও শিরোনাম উল্লেখ করে বাকি তিন পাশে ফুটিয়ে তোলা হচ্ছে ঐ বছরের তিনটি আলোচিত ঘটনা।
গ্রাফিতিতে উঠে আসছে—
কারাগারে বন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া
২০২৪ সালের ছাত্র গণঅভ্যুত্থান
কোটা সংস্কার ও নিরাপদ সড়ক আন্দোলন
তনু হত্যাকাণ্ড, ফেলানি হত্যাকাণ্ড, বিশ্বজিৎ হত্যাসহ বহু আলোচিত ইস্যু
শাপলা চত্বরে নিহতদের স্মৃতি
ইলিয়াস আলীসহ রাজনৈতিক গুম
এবং ২০১৪ সালের বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচন
আঁকিয়ে শিল্পীরা জানান, ৫ আগস্টের আগেই কাজ শেষ করতে বর্ষার বাধা উপেক্ষা করে প্রতিদিনই চলছে গ্রাফিতি আঁকার কাজ। নিপীড়নের ইতিহাস তারা তুলে ধরছেন নিখুঁত তুলির আঁচড়ে। এই উদ্যোগে সহায়তা করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। প্রশাসনের পক্ষ থেকে নগরবাসী ও রাজনৈতিক দলগুলোকে যেখানে-সেখানে পোস্টার না লাগিয়ে নির্ধারিত জায়গাতেই মত প্রকাশের আহ্বান জানানো হয়েছে।
প্রথম পর্বে কারওয়ান বাজার থেকে ফার্মগেট পর্যন্ত কাজ শেষ হলে দ্বিতীয় ধাপে বিজয় সরণি থেকে আগারগাঁও পর্যন্ত এই চিত্রায়নের পরিকল্পনা রয়েছে। চারুশিল্পীদের চোখে শেখ হাসিনার শাসনামল এখন রাজধানীর রাস্তায় দৃশ্যমান এক রাজনৈতিক দেয়ালচিত্র।