জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি সম্পন্ন হয়েছে। আগামী বৃহস্পতিবার, ১০ জুলাই, এ বিষয়ে আদেশ দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
সোমবার (৭ জুলাই) দ্বিতীয় দিনের মতো শুনানি শেষে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশের দিন নির্ধারণ করেন। এর আগে ১ জুলাই প্রথম দিনের শুনানি অনুষ্ঠিত হয়।
শুনানিতে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খাঁনের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী অ্যাডভোকেট আমির হোসেন বলেন, “এই অভিযোগগুলো ভিত্তিহীন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং শেখ হাসিনার উন্নয়নমুখী কর্মকাণ্ডে ঈর্ষান্বিত হয়ে আনা হয়েছে।”
এদিন মামলায় গ্রেফতার একমাত্র আসামি সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। শুনানিকালে তার বিরুদ্ধেও সংশ্লিষ্ট অভিযোগ উপস্থাপন করা হয়।
প্রসঙ্গত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে জুলাই- আগস্ট মাসের চালানো গণহত্যার নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনা সহ অভিযুক্তদের বিরুদ্ধে বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ আদালতে।