বাংলাদেশে প্রবেশের লক্ষ্যে নাফ নদীর পূর্ব তীরের ফেরানফ্রু গ্রামে অন্তত ৩০০ রোহিঙ্গা অবস্থান করছে। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, বুধবার রাতেই দালাল চক্রের সহায়তায় তারা সীমান্ত অতিক্রমের পরিকল্পনা করেছে।
নাফ নদীর তীরে মিয়ানমারের ফেরানফ্রু গ্রামে অন্তত ৩০০ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় রয়েছে। স্থানীয় সূত্র জানিয়েছে, বুধবার (৩ আগস্ট) রাতেই তারা অনুপ্রবেশের চেষ্টা চালাতে পারে।
বুথিডং শহর থেকে আসা দুই দলে বিভক্ত হয়ে ৪১ জন রোহিঙ্গা বুধবার সকালে ফেরানফ্রু এলাকায় এসে পৌঁছায় এবং চারটি ঘরে অবস্থান নেয়। এর আগের দিন আরও প্রায় দুই শতাধিক রোহিঙ্গা একই স্থানে জড়ো হয়েছিল।
অনুপ্রবেশের সম্ভাব্য দুটি রুটও চিহ্নিত করা হয়েছে। প্রথমটি— ফেরানফ্রু হয়ে রোয়াইঙ্গাধং পথ ধরে জালিয়ার দ্বীপের উত্তরে বিপি–৮ হ্নীলা পয়েন্ট দিয়ে প্রবেশ। দ্বিতীয়টি— ফেরানফ্রু হয়ে জালিয়ার দ্বীপের দক্ষিণ দিকে বিপি–০৩ শাহপরীর দ্বীপ এলাকা দিয়ে প্রবেশ। উভয় ক্ষেত্রেই স্থানীয় রোহিঙ্গা দালাল ও বাংলাদেশি দালালদের সক্রিয় সহযোগিতা পাওয়া যাচ্ছে।
সূত্র মতে, আরাকান আর্মি অনুপ্রবেশে বাধা দিচ্ছে না; বরং বাংলাদেশে প্রবেশে ইচ্ছুক রোহিঙ্গাদের কাছ থেকে মাথাপিছু প্রায় ২০ হাজার কিয়াত আদায় করছে। সাধারণত রাত ৮টা থেকে ৯টার মধ্যে তারা নৌকায় নাফ নদীতে এসে নোঙর ফেলে। ভোরে পরিস্থিতি অনুকূল মনে হলে দালাল চক্রের সহায়তায় সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করে এবং নির্দিষ্ট গন্তব্যে পৌঁছায়।