অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সম্প্রতি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখে পড়েছেন। বিমানে ওঠার আগে নিরাপত্তা তল্লাশির সময় তার হাতব্যাগে একটি বৈধ আগ্নেয়াস্ত্রের ম্যাগাজিন পাওয়া যায়, যা নিয়ে মুহূর্তেই সৃষ্টি হয় আলোচনার ঝড়।
সূত্র অনুযায়ী, চেক-ইন ও নিরাপত্তা তল্লাশির সময় স্ক্যানিংয়ের মাধ্যমে তার ব্যাগ থেকে একটি গুলিভর্তি ম্যাগাজিন শনাক্ত করা হয়। এসময় আসিফ মাহমুদ স্বেচ্ছায় বিষয়টি স্বীকার করে প্রোটোকল অফিসারের মাধ্যমে তা নিরাপত্তা কর্তৃপক্ষকে হস্তান্তর করেন।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন,
এটি অনিচ্ছাকৃত একটি ভুল। ব্যাগ পরিবর্তনের সময় এটি অনধিকার চাপে থেকে গেছে। আমি আইন মেনে চলার মানুষ, কোনো অবৈধ উদ্দেশ্য ছিল না।”
তিনি আরও উল্লেখ করেন, নিজ ও পরিবারের নিরাপত্তার স্বার্থে তার কাছে একটি বৈধ অস্ত্র রয়েছে, যার ম্যাগাজিনটি ব্যাগে ছিল। যদিও বিষয়টি নিয়মবহির্ভূত, তবে তা মোটেই উদ্দেশ্যপ্রণোদিত নয় বলে তিনি জোর দিয়ে বলেন।
আসিফ মাহমুদ আরও জানান,
সরকারি প্রটোকল না থাকায় অনেক সময় নিজেদের নিরাপত্তা নিজেকেই নিশ্চিত করতে হয়। তবে এটি স্পষ্টত অনিচ্ছাকৃত ঘটনা, যাতে আমি দুঃখিত।”
এদিকে, ঘটনাটি কেন্দ্র করে বিভিন্ন অনলাইন ও সামাজিক মাধ্যমে কিছু বিভ্রান্তিকর তথ্য ছড়ায়। এসব প্রচারণার জবাবে তিনি বলেন, এসব “অতিরঞ্জিত ও উদ্দেশ্যপ্রণোদিত ব্যাখ্যা”, যা বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।