মধ্যপ্রাচ্য ইস্যুতে বাংলাদেশের ভারসাম্যপূর্ণ কূটনৈতিক অবস্থানের প্রশংসা করে তেহরান দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেছে।
ঢাকায় ইরান দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, পারস্পরিক সম্মান ও অভিন্ন মূল্যবোধের ভিত্তিতে বাংলাদেশ-ইরানের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অব্যাহত রয়েছে। পাশাপাশি একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতিতেও তারা অটল রয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আনতালিয়া কূটনীতি ফোরামের সাইডলাইনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খতিবজাদেহর সাম্প্রতিক বৈঠক ইতিবাচক অগ্রগতির ইঙ্গিত দেয় এবং দ্বিপক্ষীয় সম্পৃক্ততা বাড়ার আশা তৈরি করেছে।
ইরান জানিয়েছে, হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে তারা কাজ করছে। একইসঙ্গে আজারবাইজান হয়ে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে দেশে ফেরানো হয়েছে।
সংলাপ ও কূটনীতির মাধ্যমে শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের ভূমিকার প্রশংসা করে তেহরান এটিকে আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছে। এছাড়া আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর খবরে বাংলাদেশের সমবেদনা এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে পাঠানো চিকিৎসা সহায়তার জন্য কৃতজ্ঞতা জানানো হয়েছে।
একইসঙ্গে মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে কিছু গণমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচারের বিষয়ে উদ্বেগ জানিয়ে দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান এবং পারস্পরিক সম্মান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেছে দূতাবাস।