যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ একাধিক দেশের আমদানি পণ্যের ওপর নতুন করে পাল্টা শুল্ক আরোপ করেছে। বাংলাদেশের ক্ষেত্রে এই হার ২০ শতাংশ নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল গড়ে ১৫ শতাংশ। শুল্কবৃদ্ধির পেছনে যুক্তরাষ্ট্রের বাণিজ্যনীতির পরিবর্তন ও প্রতিক্রিয়াগত পদক্ষেপকে কারণ হিসেবে দেখানো হয়েছে।
বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর যুক্তরাষ্ট্র ২০ শতাংশ শুল্ক আরোপ করেছে, যা আগে ছিল গড়ে ১৫ শতাংশ। শুক্রবার (১ আগস্ট) হোয়াইট হাউস এক ঘোষণায় এ সিদ্ধান্ত জানায়।
শুধু বাংলাদেশই নয়, শুল্ক বৃদ্ধির তালিকায় রয়েছে আরও একাধিক দেশ। হোয়াইট হাউসের ঘোষণায় জানানো হয়, পাকিস্তানের ওপর ১৯ শতাংশ, আফগানিস্তানের ওপর ১৫ শতাংশ, ভারতের ওপর ২৫ শতাংশ, ব্রাজিলের ওপর ১০ শতাংশ, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও ফিলিপাইনের ওপর ১৯ শতাংশ, মিয়ানমারের ওপর ৪০ শতাংশ, শ্রীলঙ্কা ও ভিয়েতনামের ওপর ২০ শতাংশ করে শুল্ক আরোপ করা হয়েছে।
এর আগে, ৩৫ শতাংশ পাল্টা শুল্ক আরোপের কথা জানিয়েছিল যুক্তরাষ্ট্র, যা ১ আগস্ট থেকে কার্যকর হওয়ার কথা ছিল। তবে বাংলাদেশের পক্ষ থেকে আমদানি বাড়ানো এবং মার্কিন পণ্যে শুল্ক হ্রাসের প্রতিশ্রুতির পর সেই হার কমিয়ে ২০ শতাংশে নামিয়ে আনা হয়।
উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে প্রণীত নতুন শুল্কনীতির পূর্বে বাংলাদেশি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রে গড় শুল্কহার ছিল প্রায় ১৫.৫ শতাংশ।