দেবিদ্বারের একটি পথসভায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, নেতৃত্ব মানুষের চেষ্টায় নয় আসমান থেকেই নির্ধারিত হয়। জনগণ যাকে চাইবে, নেতৃত্ব শেষ পর্যন্ত তাঁর হাতেই যাবে।
বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় মোহনপুর ইউনিয়নের ছোটনা গ্রামে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, নির্বাচনে যত কম ভোটই পান না কেন, দেবিদ্বার ছেড়ে যাওয়ার প্রশ্নই আসে না। তাঁর ভাষায়, এই মাটি–মানুষই তাঁর অস্তিত্ব, আর এখানকার বাতাস তাঁর শক্তির উৎস।
হাসনাত বলেন, দেশের নেতৃত্ব সবসময় গড়ে উঠেছে শ্রমজীবী মানুষের হাত ধরে—যারা ঘাম ঝরিয়ে পরিবার চালান, যারা রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রি, দিনমজুর। অথচ সমাজের কিছু উচ্চবিত্ত তাঁদের মানুষ হিসেবেই গণ্য করেন না। “আমি সেই অবহেলিত মানুষের সন্তান। তাই তাঁদের প্রতিনিধিত্ব করতেই নির্বাচনে এসেছি,” যোগ করেন তিনি।
ভোট নিয়ে বিভেদ সৃষ্টি না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভোট একদিনের ঘটনা, কিন্তু বিভেদ শুরু হলে তা সহিংসতায় পৌঁছাতে সময় লাগে না।
তিনি জানান, মা–বোনদের দোয়া ও সাধারণ মানুষের ভালোবাসাই তাঁর সবচেয়ে বড় শক্তি। এক মা তাঁর হাতে সামান্য টাকা দিয়ে নির্বাচনী খরচে সহায়তা করেছেন—যা তাঁর কাছে সবচেয়ে বড় প্রেরণা।
“আমি আপনাদের কাছ থেকে দোয়া নিতে এসেছি। জিতি বা হারি কোনো আক্ষেপ নেই,” বলেন তিনি।
দিনের শুরুতে তিনি সুলতানপুর ইউনিয়নের গজারিয়া এলাকা থেকে পদযাত্রা শুরু করেন এবং বিভিন্ন গ্রামে গিয়ে মানুষের সঙ্গে কথা বলেন।