আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন দলের নায়েবে আমীর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
শনিবার (৬ জুলাই) রাজধানীর গুলশানে ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ (FSDS) আয়োজিত “জাতীয় নিরাপত্তার স্বার্থে জাতীয় ঐক্য অপরিহার্য” শীর্ষক এক সংলাপে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, “নির্বাচিত সরকারই পারে দেশের বহু সংকটের সমাধান করতে। তবে আমরা আর যেনতেন নির্বাচন চাই না। যেনতেন নির্বাচন চাই না মানেই আমরা নির্বাচন চাই না — বিষয়টি এমন নয়। কেউ যেন ভুল ব্যাখ্যা না দেন। বরং যাঁরা এর আগেও প্রহসনের নির্বাচন করেছেন, তাঁদের আমরা প্রত্যাখ্যান করেছি।”
নায়েবে আমীর আরও বলেন, “একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ এখন জরুরি। মতপার্থক্য থাকতেই পারে, তবে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আলোচনার দরজা খোলা রাখতে হবে।”
তিনি জানান, জামায়াত “প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (PR)” ভিত্তিক নির্বাচন ব্যবস্থার পক্ষে। তবে এর মানে এই নয় যে তারা বর্তমান নির্বাচন বানচাল করতে চায়।
সংলাপে অংশ নিয়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, “বর্তমান নিরাপত্তা সংকট থেকে উত্তরণে জাতীয় নির্বাচন ও জনগণের ভোটে নির্বাচিত সরকারই একমাত্র পথ।”
গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর সতর্ক করে বলেন, “সংস্কারহীন তড়িঘড়ি নির্বাচন আবারও গণঅভ্যুত্থানের ঝুঁকি তৈরি করতে পারে।”
উক্ত সংলাপে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ছাড়াও নিরাপত্তা বিশ্লেষক, গবেষক ও সুশীল সমাজের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন এবং জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।