শিক্ষার্থীদের দাবি পূরণ না হওয়ায় বৃহস্পতিবার (২৮ আগস্ট) দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। শাহবাগ অবরোধ না করে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে পরবর্তী কর্মসূচি জানানো হবে।
তিন দফা দাবি আদায়ের আন্দোলনের অংশ হিসেবে দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে বৃহস্পতিবার (২৮ আগস্ট) ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। বুধবার (২৭ আগস্ট) প্রকৌশলী অধিকার আন্দোলনের সাধারণ সম্পাদক সাকিবুল হক লিপু এ কর্মসূচি ঘোষণা করেন।
তিনি জানান, বৃহস্পতিবার বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন কর্মসূচি জানানো হবে। এসময় তিনি বলেন, এখন পর্যন্ত শিক্ষার্থীদের দাবিগুলোতে কোনো অগ্রগতি হয়নি এবং নীতিনির্ধারকেরা বিষয়টি সম্পর্কে সচেতন নন। শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে কমিটিতে সদস্য অন্তর্ভুক্ত করার কথাও জানান তিনি।
এদিকে বুধবার রাতে শাহবাগে গিয়ে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী শিক্ষার্থীদের কাছে দুঃখ প্রকাশ করেন এবং বৃহস্পতিবার একটি তদন্ত কমিটি গঠনের আশ্বাস দেন। এর আগে, সন্ধ্যায় রেলপথ উপদেষ্টা ফাওজুল কবির খান ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সঙ্গে বৈঠকে বসেন শিক্ষার্থীরা।
বৈঠক শেষে রেলপথ উপদেষ্টা ফাওজুল কবির খান বলেন, পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ ছিল অনাকাঙ্ক্ষিত। চাকরি ও নিয়োগসংক্রান্ত দাবিগুলো সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করে সমাধান করা হবে। তিনি আরও বলেন, আলোচনা চলবে তবে জনদুর্ভোগ সৃষ্টি করে বারবার অবরোধে যাওয়া গ্রহণযোগ্য নয়। শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ অব্যাহত থাকবে বলেও জানান তিনি।