রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারে সরকার সক্রিয়ভাবে কাজ করছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, এ ধরনের মামলার ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার জাতীয় সংসদে মাগুরা-১ আসনের সংসদ সদস্য মো. মনোয়ার হোসেনের লিখিত প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ তথ্য জানান। তিনি উল্লেখ করেন, পূর্ববর্তী সরকারের সময়ে দায়ের করা রাজনৈতিক হয়রানিমূলক মামলাগুলো চিহ্নিত করে সেগুলো বাতিলের উদ্যোগ নেওয়া হয়েছে।
আইনমন্ত্রী জানান, চলতি বছরের ৫ মার্চ জেলা প্রশাসকের নেতৃত্বে চার সদস্যের জেলা কমিটি গঠন করা হয়, যারা এসব মামলার বিষয়ে সুপারিশ করবে। পরে ৮ মার্চ তার নেতৃত্বে ছয় সদস্যের একটি কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়, যা জেলা পর্যায়ের সুপারিশ যাচাই করে চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছে।
তিনি আরও বলেন, হত্যা মামলার মতো গুরুতর অভিযোগগুলো বিশেষভাবে বিবেচনায় রাখা হচ্ছে এবং এ ধরনের মামলা প্রত্যাহারে সতর্কতা অবলম্বন করা হচ্ছে।
মো. আসাদুজ্জামান বলেন, সংসদ সদস্যসহ যেকোনো ব্যক্তি যদি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বা হয়রানিমূলক মামলার বিরুদ্ধে আবেদন করেন, তবে তা যথাযথ প্রক্রিয়ায় যাচাই করা হবে। পর্যালোচনায় অভিযোগ সত্য প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সরকার এ ধরনের মামলার ভুক্তভোগীদের ন্যায়বিচার দিতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও তিনি উল্লেখ করেন।