ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষতা বজায় রাখতে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, কোনো সদস্য ব্যক্তি, দল বা রাজনৈতিক উদ্দেশ্যের সঙ্গে জড়ালে বিভাগীয় ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে কোস্ট গার্ড সদর দপ্তরে পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সতর্কবার্তা দেন। উপদেষ্টা জানান, নির্বাচনকালীন দায়িত্বে কোস্ট গার্ড সদস্যদের নিরপেক্ষতায় সরকার কোনো ছাড় দেবে না।
তিনি কোস্ট গার্ডের ভূমিকা তুলে ধরে বলেন, উপকূল ও নৌপথে নিরাপত্তা, অবৈধ মৎস্য আহরণ ঠেকানো, অস্ত্র ও মাদক চোরাচালান, মানবপাচার ও জলদস্যুতা দমনে বাহিনীটি কার্যকর ভূমিকা রাখছে। নিয়মিত টহল ও উদ্ধার কার্যক্রমেও তাদের সাফল্য রয়েছে। প্রাকৃতিক দুর্যোগে উদ্ধার, ত্রাণ ও সচেতনতামূলক কাজেও কোস্ট গার্ডের অবদান প্রশংসনীয় বলে উল্লেখ করেন তিনি।
সীমান্তবর্তী নদী ও সমুদ্র এলাকায় নিরাপত্তা জোরদারে কোস্ট গার্ডের সক্ষমতার কথা তুলে ধরে তিনি জানান, আন্তর্জাতিক মহলেও বাহিনীটির কাজের স্বীকৃতি মিলেছে।
নির্বাচন উপলক্ষে কোস্ট গার্ডের ৩,৫৮৫ সদস্যসহ সারা দেশে প্রায় ৯ লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। বরিশাল, চট্টগ্রাম ও খুলনা বিভাগের বিভিন্ন জেলায় ইতোমধ্যে ১০০ প্লাটুন দায়িত্ব পালন শুরু করেছে।
দুর্নীতিকে রাষ্ট্রের বড় শত্রু আখ্যা দিয়ে উপদেষ্টা বলেন, এটি প্রতিষ্ঠানের ভেতর থেকে ক্ষয় ডেকে আনে এবং জনআস্থা নষ্ট করে।
অনুষ্ঠানে কৃতিত্বপূর্ণ দায়িত্ব পালনের স্বীকৃতি হিসেবে ৪০ জন কোস্ট গার্ড সদস্যকে পদক দেওয়া হয়। উপস্থিত ছিলেন সিনিয়র সচিব নাসিমুল গনি, কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।