বিএনপি ক্ষমতায় এলে স্বাধীনতার জন্য আত্মত্যাগকারী শহীদদের পরিবারকে পুনর্বাসনের পরিকল্পনা বাস্তবায়ন করবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (২৯ জুলাই) রাজধানীর বনানীতে ‘মায়ের ডাক’ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, “সংস্কার তখনই অর্থবহ হয়, যখন তা মানুষের কল্যাণে আসে। কেবল কাগজে-কলমে সংস্কার দেখিয়ে জনগণের ভোগান্তি লাঘব হয় না।”
তিনি অভিযোগ করেন, “রাজনৈতিক পালাবদলের সুযোগে কেউ হয়েছে মন্ত্রী, কেউ হয়েছে ধনকুবের, কেউ দখল করেছে রাষ্ট্রীয় সম্পদ। অথচ যারা দেশের জন্য আত্মত্যাগ করেছেন—তাদের পরিবারগুলো রয়ে গেছে অবহেলিত, অনাদরে। রাষ্ট্র তাদের দিকে চোখ ফেরায়নি।”
শিশুদের ভবিষ্যৎ, শহীদ পরিবার এবং নিখোঁজ ব্যক্তিদের পুনর্বাসন ও সহায়তায় সরকার কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি বলেও মন্তব্য করেন ফখরুল। বলেন, “বর্তমান সরকার এ বিষয়ে কোনো আন্তরিকতা দেখায়নি। তবে আমরা আশা করি, দেরিতে হলেও তারা এই দায়িত্বশীলতা দেখাবে।”
গুম ও নিখোঁজ হওয়া নাগরিকদের প্রসঙ্গে তিনি বলেন, “আমরা জানি না গুম হওয়া ব্যক্তিরা আর ফিরে আসবেন কি না। তবে তাদের পরিবারগুলো এখনো বেঁচে আছে, কষ্টে আছে—তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। এই দায়িত্ব এড়িয়ে যাওয়া যাবে না।”
তিনি আরও জানান, গুম বিষয়ক কমিশনের প্রতিবেদন জমা দেওয়া হলেও নিখোঁজদের সন্ধানে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। সরকারের সদিচ্ছার অভাবকেই তিনি এর জন্য দায়ী করেন।