২০২৪ সালের জুলাইয়ে সরকারবিরোধী আন্দোলনের সময় বিক্ষোভকারীদের ওপর গুলি চালানোর নির্দেশ দেন তৎকালীন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা— এমন একটি অডিও রেকর্ডিংয়ের সত্যতা নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি আই।
শেখ হাসিনা ও এক অজ্ঞাত উচ্চপদস্থ সরকারি কর্মকর্তার মধ্যে কথোপকথনভিত্তিক এই অডিওটি প্রথম ফাঁস হয় ২০২৫ সালের মার্চে। ধারণা করা হচ্ছে, এটি ২০২৪ সালের ১৮ জুলাই তারিখে রেকর্ড করা হয়েছিল। অডিওটিতে শেখ হাসিনাকে আন্দোলনকারীদের বিরুদ্ধে “যেখানেই পাওয়া যাবে, গুলি করো” ও “মারণাস্ত্র ব্যবহার করতে হবে” এমন ভাষায় নির্দেশ দিতে শোনা যায়।
বিবিসির অডিও ফরেনসিক দল 'এয়ারশট' রেকর্ডটির স্বর, শব্দচাপ, শ্বাসপ্রশ্বাসের গতি এবং ব্যাকগ্রাউন্ড নোয়াজ বিশ্লেষণ করে নিশ্চিত করে যে, এটি অবিকৃত ও সম্পাদনাহীন একটি আসল রেকর্ড। তাদের ভাষ্যমতে, কলটি স্পিকার মোডে করা হয়েছিল বলেও প্রমাণ পাওয়া গেছে।
আইন বিশেষজ্ঞরা বলছেন, ঢাকায় একটি বিশেষ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে চলমান মানবতাবিরোধী অপরাধের মামলায় এই অডিও রেকর্ডিং একটি গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী প্রমাণ হিসেবে বিবেচিত হতে পারে।