জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শক্তিগুলোর মধ্যে মতপার্থক্যের কারণে নির্বাচন নিয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের কথা বারবার জানালেও রাজনৈতিক দল ও জনগণ এখনো তাদের ওপর আস্থা ফিরিয়ে আনতে পারছে না।
রোববার (১৬ নভেম্বর) বিকেলে ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা বাজারে গণসংযোগ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।
আগামী ফেব্রুয়ারির নির্বাচন নিশ্চিতে গণঅভ্যুত্থানের অংশীদার দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে রাশেদ খাঁন বলেন, জুলাই অভ্যুত্থানের সময় বিএনপি, জামায়াত, গণঅধিকার পরিষদ, এনসিপি–সবাই একই লক্ষ্য নিয়ে মাঠে ছিল। ফ্যাসিস্ট শাসনের পতনে দলগুলো মতভেদ ভুলে একসঙ্গে লড়াই করেছিল। কিন্তু বর্তমানে বিভিন্ন দল ভিন্ন ভিন্ন অবস্থান নেওয়ায় নির্বাচন নিয়ে অনিশ্চয়তা বাড়ছে। যথাসময়ে নির্বাচন না হলে আন্দোলনে থাকা কোনো পক্ষই ভালো অবস্থায় থাকবে না।
তিনি আরও বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তী সরকারকে রাজনৈতিক দলগুলোকে সহযোগিতা করতে হবে। এই নির্বাচন দেশের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিএনপির সঙ্গে জোট প্রসঙ্গে রাশেদ খাঁন জানান, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বিএনপি ও গণঅধিকার পরিষদ দীর্ঘদিন ধরে যুগপৎভাবে লড়াই করছে। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে বিএনপিসহ ফ্যাসিবাদবিরোধী বিভিন্ন দলের সঙ্গে তাদের অনানুষ্ঠানিক আলোচনা চলছে। বিএনপি, জামায়াত, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ অন্য দলগুলোও ফ্যাসিবাদবিরোধী প্রশ্নে ধারাবাহিক আলোচনায় আছে।
এর আগে জেলা গণঅধিকার পরিষদ ডাকবাংলা বাজারে গণসংযোগ কর্মসূচি করে। এ সময় সংগঠনের জেলা সভাপতি প্রভাষক সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক ইকবাল জাহিদ রাজন, ছাত্র অধিকার পরিষদের সভাপতি রিহান হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।