দেশের জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় সরকার ও বিরোধী দলের প্রতিনিধিদের নিয়ে ১০ সদস্যের একটি যৌথ কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় সংসদে আলোচনার সময় তিনি সরকারি দলের পক্ষ থেকে পাঁচ সদস্যের নাম ঘোষণা করে বিরোধী দলকেও সমসংখ্যক সদস্য মনোনয়নের আহ্বান জানান।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সংসদে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, জ্বালানি সংকট এখন বৈশ্বিক সমস্যা এবং এর প্রভাব বাংলাদেশেও পড়ছে। জনগণের স্বার্থে সরকার সব পক্ষের সঙ্গে আলোচনায় প্রস্তুত রয়েছে। তিনি জানান, যৌথ কমিটির মাধ্যমে আলোচনায় বসে করণীয় নির্ধারণ করা গেলে বাস্তবসম্মত প্রস্তাবগুলো সরকার বিবেচনা করে বাস্তবায়নের উদ্যোগ নেবে।
সরকারি দলের মনোনীত সদস্যদের মধ্যে রয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, সংসদ সদস্য এ বি এম আশরাফ উদ্দিন নিজান, মইনুল ইসলাম খান শান্ত এবং মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। প্রস্তাবিত কমিটির সভাপতির দায়িত্বে জ্বালানি মন্ত্রীকে রাখার কথা বলা হয়েছে।
এর আগে, বুধবার সংসদে জ্বালানি পরিস্থিতি নিয়ে আলোচনায় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান সরকারকে একসঙ্গে বসে সমাধান খোঁজার আহ্বান জানান। তিনি বলেন, বিরোধী দলের পক্ষ থেকেও কিছু প্রস্তাব রয়েছে, যা আলোচনার মাধ্যমে কার্যকর করা যেতে পারে। প্রধানমন্ত্রীর প্রস্তাবকে স্বাগত জানিয়ে তিনি দ্রুত তাদের প্রতিনিধিদের নাম দেওয়ার আশ্বাস দেন এবং আশা প্রকাশ করেন, জাতীয় সমস্যার সমাধানে সংসদ কার্যকর ভূমিকা রাখবে। পাশাপাশি, স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, সরকার ও বিরোধী দলের এই উদ্যোগ জনগণের মধ্যে আশার সঞ্চার করেছে।