ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অবশেষে স্বীকার করেছেন যে তিনি প্রোস্টেট ক্যানসারের প্রাথমিক পর্যায়ে আক্রান্ত হয়েছিলেন এবং এর চিকিৎসা ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।
৭৬ বছর বয়সী এই নেতা শুক্রবার (২৪ এপ্রিল) জানান, ২০২৪ সালের শেষ দিকে প্রোস্টেট গ্রন্থি বড় হয়ে যাওয়ার কারণে তার অস্ত্রোপচার করা হয়। সেই অস্ত্রোপচারের পরপরই পরীক্ষায় একটি ক্যানসারজনিত ছোট টিউমার ধরা পড়ে এবং পরবর্তীতে তার চিকিৎসা সম্পন্ন করা হয়।
নেতানিয়াহুর ভাষায়, ইরানের সঙ্গে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে বিষয়টি তখন প্রকাশ না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, যাতে কোনো ধরনের রাজনৈতিক জটিলতা বা ভুল বার্তা না ছড়ায়। পরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় তিনি আনুষ্ঠানিকভাবে বিষয়টি প্রকাশ করেন। তিনি দাবি করেন, চিকিৎসার পর তিনি এখন সম্পূর্ণ সুস্থ এবং তার শারীরিক অবস্থা ‘খুব ভালো’ রয়েছে।
তিনি আরও জানান, প্রায় দেড় বছর আগে একটি বড় কিন্তু তুলনামূলকভাবে জটিলতাহীন প্রোস্টেট সমস্যার অস্ত্রোপচার করা হয়েছিল। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার সময় সর্বশেষ রিপোর্টে এক সেন্টিমিটারেরও কম একটি ক্ষুদ্র দাগ ধরা পড়ে, যা প্রাথমিক পর্যায়ের ক্যানসার হিসেবে শনাক্ত হয়। তবে এটি শরীরের অন্য কোথাও ছড়ায়নি বলে চিকিৎসকরা নিশ্চিত করেছেন।
চিকিৎসকেরা তাকে তখন দুটি বিকল্প দেন—একটি হলো সম্পূর্ণ চিকিৎসার মাধ্যমে সমস্যা দূর করা, অন্যটি হলো পর্যবেক্ষণে রাখা। নেতানিয়াহু জানান, তিনি ঝুঁকি এড়াতে দ্রুত চিকিৎসা গ্রহণের সিদ্ধান্ত নেন এবং জেরুজালেমে চিকিৎসার মাধ্যমে সমস্যাটি সম্পূর্ণভাবে দূর করা হয়েছে বলে দাবি করেন।
শুক্রবার তার বার্ষিক স্বাস্থ্য প্রতিবেদন প্রকাশের পর তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি খোলাখুলিভাবে জানান। তিনি আরও বলেন, সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনা ও সামরিক পরিস্থিতির সময় ভুয়া তথ্য ছড়ানো এড়াতে তিনি প্রতিবেদনের প্রকাশ কিছুটা বিলম্ব করেছিলেন।
সূত্র: দ্য ইন্ডিপেনডেন্ট