মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার কারণে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবেলায় দুই বিলিয়ন ডলারের বৈশ্বিক সহায়তা আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (১৫ এপ্রিল) এশিয়া জিরো এমিশন কমিউনিটি (এজেক) প্লাস সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি আন্তর্জাতিক অংশীদারদের প্রতি এ আহ্বান জানান। বাংলাদেশি মুদ্রায় এই সহায়তার পরিমাণ প্রায় ২৪ হাজার ৬০০ কোটি টাকা।
প্রধানমন্ত্রী বলেন, বর্তমান পরিস্থিতি বিশ্বজুড়ে জ্বালানি ব্যবস্থার পারস্পরিক নির্ভরতা এবং দুর্বলতাকে স্পষ্ট করে দিয়েছে। তার মতে, কোনো দেশ এককভাবে এ ধরনের সংকট সামাল দিতে পারে না। তাই আঞ্চলিক জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা জরুরি।
তিনি আরও সতর্ক করে বলেন, বর্তমান জ্বালানি সংকটের প্রভাব অতীতের বড় তেল সংকটের চেয়েও ভয়াবহ হতে পারে, যা একসময় বৈশ্বিক উন্নয়ন কার্যক্রমকে বড় ধরনের ধাক্কা দিয়েছিল।
দেশের অর্থনীতিতে এরই মধ্যে চাপ সৃষ্টি করেছে এই পরিস্থিতি উল্লেখ করে তিনি জানান, সরকার স্বল্পমেয়াদে কয়েকটি পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে রয়েছে সরকারি দপ্তর ও বাজারের সময়সূচিতে পরিবর্তন এনে চাহিদা নিয়ন্ত্রণ, জ্বালানি আমদানি বৃদ্ধি ও বিকল্প উৎস ব্যবহার করে সরবরাহ স্থিতিশীল রাখা, খুচরা বিক্রয়ে সীমা নির্ধারণের মাধ্যমে রেশনিং ব্যবস্থা চালু এবং মজুতদারি ও অস্বাভাবিক ক্রয় রোধে ‘ফুয়েল অ্যাপ’ চালুর মতো ডিজিটাল উদ্যোগ।