গণভোটকে সামনে রেখে প্রজাতন্ত্রের দায়িত্বে থাকা কোনো কর্মকর্তা বা কর্মচারী যেন ‘হ্যাঁ’ কিংবা ‘না’ ভোটের পক্ষে কোনো প্রচার-প্রচারণায় অংশ না নেন এ মর্মে বিশেষ নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন সচিবালয়।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) জারি করা এ নির্দেশনায় বলা হয়, গণভোট অধ্যাদেশ, ২০২৫-এর ধারা ২১ এবং গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও), ১৯৭২-এর অনুচ্ছেদ ৮৬ অনুযায়ী সরকারি কর্মকর্তারা জনগণকে গণভোট সম্পর্কে তথ্য দিতে ও সচেতন করতে পারবেন। তবে তারা কোনো নির্দিষ্ট পক্ষের পক্ষে ভোট চাওয়ার আহ্বান জানাতে পারবেন না।
ইসি বলেছে, সরকারি দায়িত্বে থাকা ব্যক্তিদের পক্ষপাতমূলক কর্মকাণ্ড গণভোটের ফলাফলকে প্রভাবিত করতে পারে। তাই এ নির্দেশনা অমান্য করে কেউ কোনো পক্ষের হয়ে প্রচারে যুক্ত হলে তা আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে।
নির্দেশনাটি মাঠপর্যায়ে কার্যকর করতে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। পাশাপাশি বিষয়টি অবহিত করার জন্য মন্ত্রিপরিষদ সচিব, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, সব মন্ত্রণালয় ও বিভাগ, পুলিশ, র্যাব, বিজিবি, আনসার ও ভিডিপিসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিটে অনুলিপি পাঠানো হয়েছে।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনই সংস্কার প্রস্তাব বাস্তবায়ন প্রশ্নে গণভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ নিয়ে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সরকারি পর্যায়ে প্রচার কার্যক্রম চলমান রয়েছে বলে বিভিন্ন মহলে আলোচনা রয়েছে।