দেশের স্বার্থে ভবিষ্যতেও বিএনপি ও জামায়াত একসঙ্গে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্ব। একটি সুন্দর ও স্থিতিশীল বাংলাদেশ গড়তে পারস্পরিক সহযোগিতার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক আলোচনায় তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া যে ঐক্যের ভিত্তি নির্মাণ করে গেছেন, সেই মজবুত ভিত্তির ওপর দাঁড়িয়ে সবাইকে মিলেমিশে কাজ করতে হবে। তার মতে, জাতীয় স্বার্থে এই ঐক্য ধরে রাখাই এখন সময়ের দাবি।
খালেদা জিয়ার বিদায় প্রসঙ্গে জামায়াত আমির বলেন, ইতিহাসে খুব কম মানুষই এমন সম্মান নিয়ে বিদায় নিতে পারেন। আবেগ, ভালোবাসা আর অশ্রুসিক্ত চোখে মানুষ তাকে শেষ বিদায় জানিয়েছে। তিনি জাতির জন্য যে অবদান রেখে গেছেন, সেই স্বীকৃতি আল্লাহর পক্ষ থেকেই তিনি পেয়েছেন বলে মন্তব্য করেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, এমন বিদায় আমাদের সবাইকে অনুপ্রাণিত করে—জাতির জন্য কাজ করলে মানুষের ভালোবাসা পাওয়া যায়।
বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, দেশ একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। একই দিনে জাতীয় নির্বাচন ও সংস্কারমূলক গণভোট আয়োজনের বিষয়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচন যেন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়—সে বিষয়ে সব পক্ষের দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। এ নিয়ে বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলেও জানান তিনি।
ডা. শফিকুর রহমান আরও বলেন, অতীতের মতো ভবিষ্যতেও দেশের বৃহত্তর স্বার্থে রাজনৈতিক শক্তিগুলো একসঙ্গে কাজ করতে প্রস্তুত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলটির নেতারাও একই প্রত্যাশা প্রকাশ করেছেন। তিনি বলেন, নির্বাচনের পর সরকার গঠনের আগে খোলা মনে আলোচনা করে, জাতির স্থিতিশীলতা ও ভবিষ্যৎ নিয়ে সম্মিলিত সিদ্ধান্ত নেওয়াই হবে সবার দায়িত্ব।
সবশেষে জামায়াত আমির বলেন, খালেদা জিয়া যে ঐক্যের বীজ বপন করে গেছেন, সেই পথ ধরেই রাজনৈতিক দলগুলো যদি দায়িত্বশীল ভূমিকা পালন করে, তাহলে জাতির জন্য ইতিবাচক কিছু অর্জন সম্ভব।