মালয়েশিয়া যেতে না পারায় রাজধানীর কারওয়ান বাজারে বিক্ষোভ করেছেন হাজারো শ্রমিক। সড়ক অবরোধে ভোগান্তিতে পড়েন পথচারী ও যাত্রীসাধারণ। আন্দোলনকারীরা সরকারকে পাঁচ দফা দাবি জানিয়ে দ্রুত সমাধানের আহ্বান জানিয়েছেন।
রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে রাজধানীর কারওয়ান বাজারের সার্ক ফোয়ারা এলাকায় মালয়েশিয়া গমনেচ্ছু শ্রমিকরা বিক্ষোভে নামে। তারা সড়ক অবরোধ করলে আশপাশের এলাকায় যান চলাচল ব্যাহত হয় এবং ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।
বিক্ষোভকারীরা জানান, তারা সেই ১৭ হাজার শ্রমিকের অংশ, যারা মালয়েশিয়া কর্তৃপক্ষের নির্ধারিত ২০২৪ সালের ৩১ মে’র মধ্যে যাত্রা করতে ব্যর্থ হয়েছেন। বহু শ্রমিক ৫-৬ লাখ টাকা খরচ করেছেন, যার বেশিরভাগই ঋণ নিয়ে।
অংশগ্রহণকারী শ্রমিক মো. কাওসার বলেন, “আমাদের মে মাসের মধ্যে মালয়েশিয়া যাওয়ার কথা ছিল। কিন্তু আজও যেতে পারিনি। ঋণ নিয়ে সব খরচ করেছি, এখন চরম সঙ্কটে আছি।”
বিক্ষোভের অন্যতম নেতা মাইন উদ্দিন বাবু বলেন, “সরকার আশ্বাস দিলেও বাস্তবে কোনো অগ্রগতি হয়নি। নিঃস্ব হয়ে আমরা রাজপথে নেমেছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না।”
শ্রমিকরা পাঁচ দফা দাবি তুলে ধরেন—
১. যাদের ই-ভিসা ৩১ মে’র আগে ইস্যু হয়েছে কিন্তু বিএমইটির ছাড়পত্র পাননি, তাদের দ্রুত মালয়েশিয়া পাঠাতে হবে।
২. সাক্ষাৎকার হোক বা না হোক, কোনো শ্রমিককে প্রক্রিয়ার বাইরে রাখা যাবে না।
৩. দ্রুত নির্দিষ্ট তারিখ ঘোষণা করে লিখিতভাবে তা জানাতে হবে।
4. প্রধান উপদেষ্টা ও প্রবাসীকল্যাণ উপদেষ্টার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে স্মারকলিপি প্রদান করতে হবে।
৫. নির্ধারিত সময়ের মধ্যে যাত্রা সম্ভব না হলে বিকল্প কর্মসংস্থান ও ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে।