রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদীন মঙ্গলবার(২২ জুলাই) জনস্বার্থে এ আবেদন করেন। রিটে ত্রুটিপূর্ণ বিমান উড়ানোর ওপর নিষেধাজ্ঞা, আহতদের উন্নত চিকিৎসা ও ক্ষতিপূরণসহ পাঁচ দফা দাবি রাখা হয়েছে। শুনানি হবে হাইকোর্টের একটি বেঞ্চে।
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুলে বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় ব্যাপক শোকের মধ্যে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। মঙ্গলবার জনস্বার্থে বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদীন এই রিট দায়ের করেন, যাঁর পক্ষে আইনজীবী এ আর রায়হান দায়িত্ব পালন করছেন।
রিটের বিষয়বস্তুতে বলা হয়েছে—
বিমান বাহিনীর অধীনে থাকা ত্রুটিপূর্ণ বিমানের সংখ্যা, রক্ষণাবেক্ষণ ও পরিচালনার স্বচ্ছতা নিশ্চিত করতে নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত করা হোক।
দেশের সকল জনবহুল এলাকায় ত্রুটিপূর্ণ বিমান ও প্রশিক্ষণ বিমানের উড্ডয়ন নিষিদ্ধ করার জন্য প্রয়োজনীয় আদেশ প্রদান করা হোক।
দুর্ঘটনায় আহত শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণ ব্যবস্থা গ্রহণ করা হোক।
নিহত শিক্ষার্থীদের প্রত্যেকে ৫ কোটি টাকা ও আহতদের প্রত্যেকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হোক।
জাতীয় নিরাপত্তার স্বার্থে বিমান বাহিনীর আধুনিকীকরণ ও নতুন বিমান ক্রয়ের উদ্যোগ নেওয়া হোক।
রিটটি বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি জাহেদ মনসুর এর হাইকোর্ট বেঞ্চে শুনানি হবে।
গত সোমবার দুপুর ১টার পর রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। ধাক্কায় ভবনে আগুন লাগে, যা অনেক শিক্ষার্থীসহ ২৭ জনের প্রাণহানি ঘটায়, আহত হয় ১৫০ জনের অধিক এবং তাদের মধ্যে অনেকের অবস্থা সংকটাপন্ন । ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও বিজিবি দ্রুত উদ্ধার কাজ চালায়। বিমান বাহিনীর হেলিকপ্টারে করে আহতদের হাসপাতালে নেওয়া হয়। ৬ জনের মরদেহ এখনো শনাক্ত হয়নি।