ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস উইং এক ব্রিফিং আয়োজন করে।
সেখানে প্রেস সচিব শফিকুল আলম ইঙ্গিত দেন, আজকের ব্রিফিংটিই সম্ভবত শেষ হতে যাচ্ছে। সোমবার ফরেন সার্ভিস একাডেমিতে তিনি এ কথা বলেন।
তিনি জানান, গত ১৮ মাস ধরে দ্রুততম সময়ে সংবাদমাধ্যমের কাছে তথ্য পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়েছে। বিভিন্ন ঘটনার প্রেক্ষাপটে সরকারের অবস্থানও নিয়মিতভাবে জানানো হয়েছে।
শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে সব গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে। এমন কোনো সংবাদ নেই, যা ওই পেজে দেওয়া হয়নি। পেজটিতে মোট ভিউয়ের সংখ্যা ২০ কোটিরও বেশি বলে তিনি উল্লেখ করেন।
ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেওয়ার বিষয়ে তিনি বলেন, বিভিন্ন সময়ে আয়োজিত প্রেস কনফারেন্সে যত প্রশ্ন এসেছে, সেগুলোর জবাব দেওয়ার চেষ্টা করা হয়েছে।
এ সময় প্রেস উইংয়ের আরেক সদস্য আজাদ মজুমদার বলেন, গণমাধ্যমকে সহায়তা করার চেষ্টা ছিল সবসময়, এবং সে সহযোগিতা পাওয়া গেছে। আগামী সপ্তাহে হয়তো ভূমিকা বদলে সাংবাদিকদের সঙ্গেই একই পাশে থাকার সুযোগ আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।
আরেক সদস্য ফয়েজ আহমদ বলেন, তিনি ব্যক্তিগতভাবে সাংবাদিকদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন এবং সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখার চেষ্টা করেছেন। ব্যতিক্রমী পরিস্থিতির মধ্য দিয়ে দায়িত্ব পালন করতে হয়েছে উল্লেখ করে তিনি বলেন, কোনো আচরণে কেউ কষ্ট পেয়ে থাকলে তার জন্য দুঃখিত।