আগামী জাতীয় সংসদ নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ৮০ হাজারের বেশি সেনা সদস্যসহ পুলিশ, আনসার, নৌবাহিনী, বিজিবি ও র্যাব মাঠে থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। নির্বাচনী পরিবেশ সুষ্ঠু ও উৎসবমুখর রাখতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে, পাশাপাশি নিরীহ মানুষকে হয়রানি থেকে রক্ষার আশ্বাস দিয়েছেন তিনি।
সোমবার (১১ আগস্ট) সকালে কেরাণীগঞ্জের তেঘরিয়া উচ্চ বিদ্যালয়ের ভোটকেন্দ্র পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনে পুলিশ ও আনসারের পাশাপাশি ৮০ হাজারের বেশি সেনা সদস্য নিয়োগ দেওয়া হবে। এছাড়া নিরাপত্তায় নৌবাহিনী, বিজিবি এবং র্যাবও মাঠে থাকবে।
তিনি বলেন, নির্বাচনকালে পুলিশ সদস্যদের কাছে বডি ক্যামেরা থাকবে, যাতে ভোট সুষ্ঠু ও স্বচ্ছ হয়। রাজনৈতিক দল ও জনগণের সহযোগিতা কামনা করে উপদেষ্টা জানান, নিরীহ ও নিরপরাধ ব্যক্তিকে আইনের আওতায় না আনার বিষয়ে সতর্কতা অবলম্বন করা হবে। টাকার লোভে অনেকের নামে জুলাই ও আগস্টে মামলা হয়েছে; তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় চেষ্টা করছে যেন কেউ হয়রানির শিকার না হয়।
আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, গত বছরের জুলাইয়ের তুলনায় এবার পরিস্থিতির উন্নতি হয়েছে। আগে থানায় কেউ আসতে চাইত না, আনসার বাহিনী বিদ্রোহ করছিল, অন্যান্য বাহিনীও তেমন সক্রিয় ছিল না। এখনো কাঙ্ক্ষিত পর্যায়ে না পৌঁছালেও বর্তমান পরিস্থিতি নির্বাচনের জন্য উপযোগী বলে মন্তব্য করেন তিনি। একইসঙ্গে তিনি উল্লেখ করেন, স্বাধীনতার পর থেকে বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি কখনো খুব ভালো অবস্থায় ছিল না।