শনিবার (১২ সেপ্টেম্বর) বগুড়া সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
তিনি জানান, গণভোটের রায় কার্যকর, বৈষম্য দূর, দলীয়করণ বন্ধ, চাঁদাবাজি ও দুর্নীতি প্রতিরোধ, নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ এবং সারের সরবরাহ নিশ্চিত করার দাবিতে ছয় দফা কর্মসূচি পালন করছে জামায়াত।
দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন জামায়াত আমির। তার ভাষ্য, বিদ্যুৎ ও সারের সংকটে তৈরি পোশাকসহ শিল্প খাত চাপে পড়েছে। উৎপাদন কমার পাশাপাশি ব্যবসায়ীদের ঋণ পরিশোধে সমস্যা হচ্ছে এবং কর্মসংস্থান নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।
সংকট মোকাবিলায় দেশি-বিদেশি বিশেষজ্ঞদের মাধ্যমে সরকারকে কারিগরি সহযোগিতার প্রস্তাব দেওয়া হলেও তা গ্রহণ করা হয়নি বলে জানান তিনি।
বগুড়ার উন্নয়ন নিয়েও কথা বলেন ডা. শফিকুর রহমান। জেলার শিক্ষা, শিল্প ও যোগাযোগ খাত দীর্ঘদিন অবহেলিত রয়েছে দাবি করে তিনি বলেন, বিরোধীদলীয় নেতা হিসেবে বগুড়ার ন্যায্য দাবিগুলো সংসদ ও রাজপথে তুলে ধরবেন।
রাষ্ট্র সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, গণভোটে জনগণের দেওয়া রায় বাস্তবায়ন করা সরকারের দায়িত্ব। জনগণের সিদ্ধান্ত উপেক্ষা করলে তার পরিণতি ভালো হয় না বলেও মন্তব্য করেন তিনি।
গণমাধ্যমকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান উল্লেখ করে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান জামায়াত আমির।