শোকসভা আয়োজনের জন্য গঠিত কমিটি জানিয়েছে, মহররমের প্রথম দশ দিন শেষ হওয়ার পর জানাজা ও দাফন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। প্রস্তুতি ইতোমধ্যে জোরদার করা হয়েছে।
ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম মেহের নিউজের প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (৯ জুন) কমিটির পক্ষ থেকে দ্বিতীয় দফা বিবৃতি দেওয়া হয়, যেখানে জানানো হয় খামেনি ও তার পরিবারের সদস্যদের স্মরণে আয়োজন নিয়ে বিস্তারিত পরিকল্পনা চলছে।
বিবৃতিতে বলা হয়েছে, অনুষ্ঠানটি মর্যাদাপূর্ণভাবে সম্পন্ন করার জন্য দেশীয় প্রশাসন ও বিভিন্ন সংগঠন যৌথভাবে কাজ করছে এবং চূড়ান্ত সময়সূচি পরবর্তীতে ঘোষণা করা হবে।
এতে গণমাধ্যমকে সতর্ক করে বলা হয়, সময়সূচি ও আয়োজন নিয়ে যেসব গুজব বা যাচাইবিহীন তথ্য ছড়ানো হচ্ছে, তা বিভ্রান্তি তৈরি করছে এবং এসবের কোনো ভিত্তি নেই।
কমিটির পক্ষ থেকে আরও জানানো হয়, আশুরার পর মহররমের প্রথম দশ দিন শেষ হলে শোকানুষ্ঠান ও দাফন সম্পন্ন হবে, যা ইমাম হুসাইনের স্মরণে পালিত ঐতিহ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
এদিকে ইরানি ও আন্তর্জাতিক গণমাধ্যমের একাংশ জানিয়েছে, এ আয়োজনকে কেন্দ্র করে বিভিন্ন দেশ থেকে অংশগ্রহণের প্রস্তুতির খবরও পাওয়া যাচ্ছে।
উল্লেখ্য, আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর ১৯৮৯ সালে খামেনি ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেন এবং দীর্ঘ প্রায় ৩৬ বছর দায়িত্ব পালন করেন।