দুর্ঘটনাটি ঘটে স্পেনের এ-৫২ হাইওয়ের সানাব্রিয়া অঞ্চলে, স্থানীয় সময় সকাল সাড়ে আটটার দিকে। জানা যায়, গাড়ির একটি টায়ার হঠাৎ বিস্ফোরিত হলে তা নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বিভাজকে ধাক্কা খায়। তীব্র সংঘর্ষে গাড়িতে আগুন ধরে যায় এবং ঘটনাস্থলেই পুড়ে মৃত্যু হয় ডিয়েগো জোতা ও তাঁর ভাইয়ের।
মাত্র ১১ দিন আগে (২২ জুন) জোতা তাঁর দীর্ঘদিনের সঙ্গী রুতে কার্দোসোকে বিয়ে করেন। ইনস্টাগ্রামে শেয়ার করা তাঁর শেষ পোস্টে বিয়ের মুহূর্তের ভিডিওর সঙ্গে ক্যাপশন ছিল— “এমন একটা দিন, যা জীবনে কোনোদিন ভুলব না।” ব্যক্তিগত জীবনে জোতা তিন সন্তানের জনক ছিলেন।
ডিয়েগো জোতা ২০২০ সালে উলভারহ্যাম্পটন থেকে লিভারপুলে যোগ দেন এবং অল্প সময়েই ক্লাবের নির্ভরযোগ্য স্ট্রাইকার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। ২০২৪-২৫ মৌসুমে তিনি লিভারপুলের হয়ে প্রিমিয়ার লিগ জয় করেন।এছাড়াও ক্লাবের হয়ে এফএ কাপ এবং লিগ কাপ জয় করেছিলেন তিনি।
পর্তুগাল জাতীয় দলের হয়ে তিনি ৫০টি আন্তর্জাতিক ম্যাচে অংশ নিয়ে ১৪টি গোল করেন। সর্বশেষ তিনি ২০২৫ সালের নেশনস লিগ জয়ী দলেরও গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন।
ডিয়েগো জোতার অকাল মৃত্যুতে শোকাহত লিভারপুল ক্লাব এক বিবৃতিতে জানায়,
“আমরা ডিয়েগোর পরিবার, বন্ধু এবং ভক্তদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। তিনি শুধু একজন অসাধারণ খেলোয়াড়ই নন, ছিলেন একজন দুর্দান্ত মানুষও।”
পর্তুগাল ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে জানায়,
“ডিয়েগো জোতা ছিলেন এক অনন্য প্রতিভাবান খেলোয়াড় ও বিনয়ী মানুষ। তাঁর অনুপস্থিতি আমাদের হৃদয়ে এক বিশাল শূন্যতা সৃষ্টি করবে।”
ফুটবল তারকা ও পর্তুগাল জাতীয় দলের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো ইনস্টাগ্রামে লিখেছেন,
“এটা এক অবিশ্বাস্য ক্ষতি... তুমি সবসময় তোমার পরিবারের সঙ্গেই থাকবে। আমাদের হৃদয়ে থাকবে চিরকাল।”
এই ঘটনায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনও গভীর শোক প্রকাশ করেছে।