ইসরায়েলের গাজা যুদ্ধ নিয়ে বিরোধীদলীয় নেতা ইয়ার লাপিদ নতুন করে প্রশ্ন তুলেছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় তিনি বলেন, “ইসরায়েলের প্রতিটি যুদ্ধে জনগণের সংখ্যাগরিষ্ঠ সমর্থন ছিল মৌলিক শর্ত। এখন যদি মানুষ যুদ্ধের পক্ষে না থাকে, নেতৃত্বের ওপর আস্থা না রাখে, কিংবা লক্ষ্যগুলোর ওপর বিশ্বাস না করে—তবে সেই যুদ্ধ আর চালিয়ে যাওয়া যায় না।”
তিনি বলেন, “এই তিনটি উপাদানই এখন অনুপস্থিত। তাই সময় এসেছে যুদ্ধের ইতি টানার এবং জিম্মিদের মুক্ত করার।”
গত ২৯ জুলাই (মঙ্গলবার) তিনি আরও বলেন, “ইসরায়েলকে অবশ্যই গাজায় দুর্ভিক্ষ রোধ করতে হবে—এটা শুধু মানবিক মূল্যবোধের প্রশ্ন নয়, বরং হামাসের প্রচারণাকে ঠেকাতেও জরুরি।”
লাপিদ সতর্ক করে বলেন, “যদি দ্রুত পরিবর্তন না আসে, তাহলে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মুখে পড়বে ইসরায়েল এবং এর ফল ভোগ করতে হবে সাধারণ ইসরায়েলিদের।”
তার এই বক্তব্য ইসরায়েলি রাজনীতিতে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে। এদিকে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকার সাফ জানিয়ে দিয়েছে, “হামাস যতক্ষণ পর্যন্ত জিম্মিদের মুক্তি না দিচ্ছে, ততক্ষণ গাজার ওপর পূর্ণ অবরোধ বজায় থাকবে।”
সূত্র: টাইমস অব ইসরায়েল