ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ মঙ্গলবার (৯ আগস্ট) সকাল ৮টা থেকে শুরু হয়েছে। বিকেল ৪টার মধ্যে লাইনে দাঁড়ানো শিক্ষার্থীরাও ভোট দিতে পারবেন। এ জন্য বিশ্ববিদ্যালয়ের ৮টি কেন্দ্রে মোট ৮১০টি বুথে ভোটগ্রহণ চলছে।
ভোট শুরুর আগে সকাল ৭টার দিকে প্রতিটি কেন্দ্রে ব্যালট বক্স পৌঁছে যায় এবং পরে সাংবাদিক ও পোলিং এজেন্টদের সামনে তা উন্মুক্ত করা হয়। সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। শিক্ষার্থীরা জানান, দিনের শুরুতেই ভোট দেওয়ার চেষ্টা করছেন তারা।
নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাসজুড়ে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথে বসানো হয়েছে চেকপোস্ট। আইনশৃঙ্খলা বাহিনী, বিজিবি ও পুলিশের সমন্বয়ে ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। টিএসসি এলাকায় স্থাপন করা হয়েছে পুলিশের একটি নিয়ন্ত্রণকক্ষ, যাতে শিক্ষার্থীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত হয়।
এবারের নির্বাচনে ডাকসুর মোট ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী। এর মধ্যে নারী প্রার্থী ৬২ জন। সহ-সভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৫ জন। নারী প্রার্থীদের মধ্যে ভিপি পদে রয়েছেন ৫ জন, জিএস পদে একজন এবং এজিএস পদে ৪ জন।
ভোটার সংখ্যা অনুযায়ী, এবার মোট ৩৯ হাজার ৭৭৫ জন শিক্ষার্থী ভোট দেওয়ার সুযোগ পাবেন। এর মধ্যে ছাত্র ভোটার ২০ হাজার ৮৭৩ জন এবং ছাত্রী ভোটার ১৮ হাজার ৯০২ জন।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, পুরো প্রক্রিয়া সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন করতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে।