জাতীয় ঐকমত্য কমিশনের তৈরি জুলাই সনদের খসড়া নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামি। দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের মঙ্গলবার (২৯ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত রাজনৈতিক সংলাপের বিরতিতে এক সংবাদ সম্মেলনে বলেন, "এই খসড়াটি অসম্পূর্ণ, কিছু অংশ বিপজ্জনক। তারা এটিকে এখন নমুনা বলছে, আবার ভুলও স্বীকার করছে। যদি এটা কেবল নমুনা হয়, তাহলে মন্তব্য করার প্রয়োজন নেই। কিন্তু যদি এটাই মূল বক্তব্য হয়, তাহলে একে গ্রহণযোগ্য বলা যাবে না।"
তিনি জানান, জামায়াত নিজস্ব একটি খসড়া সনদ তৈরি করছে এবং সেটি শিগগিরই কমিশনে জমা দেওয়া হবে।
আইনি বৈধতার বিষয়ে তিনি বলেন, “জুলাই সনদ বাস্তবায়নে আইনি ভিত্তি নিশ্চিত করা জরুরি। এজন্য দুটি পথ প্রস্তাব করছি— এক, অধ্যাদেশ জারি করে একটি আইনি কাঠামো দাঁড় করানো, পরে নির্বাচিত সংসদে সেটি অনুমোদন; দুই, গণভোটের মাধ্যমে জনগণের চূড়ান্ত মতামত গ্রহণ।”
এদিন একই সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক জাভেদ রাসিনও খসড়া প্রকাশের পদ্ধতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, “ঐকমত্য কমিশন ছয়টি সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ার কথা বলেছিল, কিন্তু আলোচনা না করেই হঠাৎ খসড়া প্রকাশ করেছে, যা সঠিক পদ্ধতি নয়। আমরা এর তীব্র বিরোধিতা করছি।”
তিনি আরও বলেন, “আলোচনার ধরন ও প্রক্রিয়া নিয়েই আলোচনা হয়নি, অথচ তারা খসড়া সামনে এনেছে। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”