গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর অভিযোগ করেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পরও তাদের রাজনৈতিক মিত্র জাতীয় পার্টি রাজপথে সক্রিয় রয়েছে। তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে সতর্ক করে বলেছেন, নির্বাচনের আগে এসব দলের কার্যক্রমে নিষেধাজ্ঞা না দিলে ফ্যাসিবাদ পুনরায় মাথাচাড়া দিতে পারে।
গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, ফ্যাসিবাদের পতন ঘটলেও এর সহযোগীরা এখনও সক্রিয়। আওয়ামী লীগ নিষিদ্ধ হলেও তাদের ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্র জাতীয় পার্টি আজও রাজপথে অবস্থান করছে।
শুক্রবার (১৫ আগস্ট) বিকেল ৩টায় শহরের পৌর মুক্তমঞ্চে জেলা গণঅধিকার পরিষদের এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নূর বলেন, ১৪ দলের অন্তর্ভুক্ত বিভিন্ন রাজনৈতিক শক্তি গত ১৬ বছর ধরে ফ্যাসিবাদী আওয়ামী লীগকে টিকিয়ে রেখেছিল, যেখানে জাতীয় পার্টি ছিল অন্যতম প্রধান ভূমিকা পালনকারী দল।
তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আসন্ন নির্বাচনের আগে আওয়ামী লীগ ও এর মিত্র জাতীয় পার্টি সহ ফ্যাসিবাদের সহযোগী সব দলের কার্যক্রম বন্ধ করতে হবে। তা না হলে পুরনো শাসনব্যবস্থা ফের ফিরে আসবে।
জুলাই আন্দোলনের পরও ফ্যাসিবাদ বিচারের ক্ষেত্রে কোনো উল্লেখযোগ্য অগ্রগতি না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে নূর বলেন, রাষ্ট্র সংস্কারের প্রক্রিয়া নির্বাচনের আগে সম্পন্ন করতে হবে এবং জুলাই সনদের ভিত্তিতে রাজনৈতিক ঐক্য ও সমঝোতার মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত।
তিনি সতর্ক করে বলেন, রাজনৈতিক অঙ্গনে আবার দলবাজি, চাঁদাবাজি ও দুর্নীতি মাথাচাড়া দিয়ে উঠছে। এই প্রবণতা চলতে থাকলে ফ্যাসিবাদ সুযোগ নেবে, দেশের ক্ষতি হবে এবং নির্বাচনও সময়মতো আয়োজন করা সম্ভব হবে না।
সমাবেশে কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাশেদ খান প্রধান বক্তা এবং উচ্চতর পরিষদের সদস্য ফারুক হাসান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।