জুলাইয়ের গণআন্দোলনের অংশীদারদের কেউ কেউ বিপদ কেটে যাওয়ার পর ক্ষমতার মোহে দখলবাদী আচরণ করছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি সতর্ক করে বলেন, আল্লাহ অন্যায়ের বিচার অবশ্যই করেন।
শনিবার (১৯ জুলাই) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজিত জাতীয় সমাবেশে তিনি এসব কথা বলেন।
নুর বলেন, হাদিসে বলা আছে, বিপদ কেটে গেলে মানুষ আনন্দিত হয়। কিন্তু দেখা যাচ্ছে, যারা অভ্যুত্থানে অংশ নিয়েছিলেন, তাদের মধ্যে কেউ কেউ এখন জুলুমের পথে হাঁটছেন।
সরকারের প্রতি কড়া সমালোচনা করে তিনি জানান, বিগত ১১ মাস ধরে দেশের স্থানীয় সরকার ব্যবস্থায় কোনো নির্বাচিত প্রতিনিধি নেই, ফলে জনগণ দুর্ভোগে পড়েছে। এই অবস্থায় স্থানীয় সরকার নির্বাচন দ্রুত আয়োজনের দাবি জানান তিনি।
জামায়াত নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ইসলামের রাজনীতি যারা করেন, তারা জানেন ধন-সম্পদ দিয়ে এবং তা কেড়ে নিয়ে আল্লাহ পরীক্ষা করেন। গত ১৬ বছর নানা বঞ্চনার পর এবার জুলাই আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে এক পরিবর্তনের সুযোগ এনে দিয়েছে।
বর্তমান ব্যবস্থার স্থিতিশীলতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, শুধু নির্বাচনের দিকে দৌড় দিলে হবে না, আগে প্রয়োজন শাসনতান্ত্রিক কাঠামোর মৌলিক সংস্কার। তিনি জোর দিয়ে বলেন, নির্বাচনের আগে সকল রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে, যাতে তারা প্রচারণায় অংশ নিতে পারে।
তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সরকার যদি জুলাই সনদের ঘোষণা না দেয়, তাহলে আন্দোলনের অংশগ্রহণকারীরা এই সোহরাওয়ার্দী উদ্যান থেকেই নিজেরা জুলাই সনদ ঘোষণা করবেন