বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে চলে গেলেও তার সমর্থক ও নেতাকর্মীদের বিপদের মুখে ফেলে গেছেন।
শুক্রবার (২৩ জানুয়ারি) তিনি ঠাকুরগাঁও-১ আসনের দেবীপুর শোল্টোহরি বাজার ও আদর্শ গ্রামে ধানের শীষ প্রতীক নিয়ে ভোট চাইতে গিয়ে এ মন্তব্য করেন।
তিনি বলেন, “হাসিনা আপা ভারতে চলে গেছেন। কিন্তু এলাকার সমর্থক-কর্মীরা যেন কোনো সমস্যায় না পড়েন, আমরা তাদের পাশে আছি। যারা অন্যায় করেছে, তাদের শাস্তি হবে। যারা নিরপরাধ, তাদের কোনো শাস্তি দেওয়া হবে না।”
জামায়াতকে ইঙ্গিত করে তিনি বলেন, “কেউ বলছে, তাদের ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে। কিন্তু জান্নাতে যেতে হলে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে, নামাজ-রোজা রাখতে হবে। কোনো ভোটের সিল দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব নয়। এটা শুধু ভুল স্বপ্ন দেখানো।”
দেশ পরিচালনার প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, “অভিজ্ঞতা থেকে বলতে পারি, বিএনপি ছাড়া দেশকে এগিয়ে নেওয়ার মতো কেউ নেই। আমরা আগে দেশের দায়িত্ব নিয়েছি, পরিচালনা করেছি। অন্যদের কোনো বাস্তব অভিজ্ঞতা নেই। আমরা চাই হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই একসাথে থাকুক। বিভেদ করার কোনো সুযোগ নেই।”
এ সময় তিনি বিএনপির বিভিন্ন উন্নয়ন কার্যক্রম তুলে ধরেন এবং ভোট চাওয়ার পাশাপাশি এলাকায় ভবিষ্যৎ উন্নয়নের প্রতিশ্রুতি দেন।