ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার সংবাদ শাখা থেকে জানানো হয়, এ উপলক্ষে একটি শুভেচ্ছা বার্তা দেওয়া হয়েছে। পাশাপাশি তাঁর যাচাইকৃত সামাজিক যোগাযোগমাধ্যমের হিসাবেও বার্তাটি প্রকাশ করা হয়।
অভিনন্দন বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, তারেক রহমানের নেতৃত্বে দলটির এ বিজয় জনগণের সুস্পষ্ট রায়ের প্রতিফলন। এই রায় দেশের সাংবিধানিক ধারাবাহিকতা ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানের স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি উল্লেখ করেন।
রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালনে তারেক রহমানের প্রজ্ঞা, গণতন্ত্রের প্রতি অঙ্গীকার এবং জনকল্যাণমুখী দৃষ্টিভঙ্গির ওপর আস্থা প্রকাশ করেন তিনি। একই সঙ্গে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া–এর আদর্শ ও রাজনৈতিক দর্শনের কথা স্মরণ করেন প্রধান উপদেষ্টা। তিনি আশা প্রকাশ করেন, তাঁদের আদর্শ নতুন পথচলায় প্রেরণা জোগাবে।
বার্তায় আরও বলা হয়, বিশ্ব পরিমণ্ডলে বাংলাদেশ নতুন সম্ভাবনার দ্বারপ্রান্তে রয়েছে। অর্থনৈতিক রূপান্তর, প্রযুক্তিগত অগ্রগতি, জলবায়ু সহনশীলতা, মানবসম্পদ উন্নয়ন এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক সম্পর্ক জোরদারে সুসমন্বিত ও দূরদর্শী নেতৃত্ব প্রয়োজন। এ ক্ষেত্রে জাতীয় ঐক্য, আইনের শাসন ও জবাবদিহিমূলক শাসনব্যবস্থা আরও শক্তিশালী হবে বলেও প্রত্যাশা ব্যক্ত করা হয়।
অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পালনের সময়ে সহযোগিতার জন্য কৃতজ্ঞতাও জানান প্রধান উপদেষ্টা। পরিবর্তনের সংবেদনশীল সময়ে গণতান্ত্রিক পরিবেশ রক্ষা এবং সাংবিধানিক প্রক্রিয়ার প্রতি সম্মান প্রদর্শনে তারেক রহমানের ইতিবাচক ভূমিকার প্রশংসা করেন তিনি।
বার্তার শেষে দেশের কল্যাণ, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সমৃদ্ধ বাংলাদেশ গঠনে তারেক রহমানের সফলতা কামনা করা হয়। দেশের সেবায় তাঁর প্রজ্ঞা, ধৈর্য ও দৃঢ়তা কামনা করে শুভেচ্ছা জানান প্রধান উপদেষ্টা।