বিএনপি এমন একটি রাজনৈতিক শক্তি, যাকে সহজে উপেক্ষা করা বা তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যায় না—এমন মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “বিএনপি বহুবার প্রমাণ করেছে কীভাবে ধ্বংসস্তুপ থেকে ঘুরে দাঁড়াতে হয়।”
রোববার (১৩ জুলাই) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত ‘তারেক রহমান: দ্য হোপ অব বাংলাদেশ’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, “প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতের পর অনেকে মনে করেছিলেন, বিএনপি আর টিকে থাকবে না। কিন্তু খালেদা জিয়ার নেতৃত্বে ছাত্র ও যুবসমাজের সাথে একত্রিত হয়ে বিএনপি আবার ঘুরে দাঁড়িয়েছে। অতীত ইতিহাসই প্রমাণ করে, বিএনপিকে ধ্বংস করা সহজ নয়।”
তিনি অভিযোগ করেন, বিএনপির বিরুদ্ধে এখন পরিকল্পিত সাইবার হামলা চালানো হচ্ছে, যা শুধু দলের ভাবমূর্তিকেই নয়, দলের ভবিষ্যৎ নেতৃত্বকেও টার্গেট করছে। “তারেক রহমানও এবার সেই হামলার শিকার হয়েছেন। এটি অত্যন্ত উদ্বেগজনক এবং এর পেছনে সুস্পষ্ট রাজনৈতিক চক্রান্ত রয়েছে,” বলেন ফখরুল।
জাতীয়তাবাদী শক্তিকে সাইবার জগতে সংগঠিত হয়ে পাল্টা অবস্থান নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “এই অপপ্রচারের পেছনে উদ্দেশ্য একটাই—বাংলাদেশে জাতীয়তাবাদী শক্তিকে নিশ্চিহ্ন করা এবং তারেক রহমানের নেতৃত্বকে ধ্বংস করে দেওয়া।”
তিনি আরও যোগ করেন, “দীর্ঘ নিপীড়নের মধ্যেও তারেক রহমান আপোষহীন অবস্থান বজায় রেখেছেন। এটা আমাদের জন্য অনুপ্রেরণার উৎস।”