নির্বাচনে পুলিশের ভূমিকা এবং ব্যক্তিগত মন্তব্যকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন পলাতক পুলিশ অতিরিক্ত ডিআইজি বিপ্লব। নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া ওই পোস্টে তিনি এক ঊর্ধ্বতন কর্মকর্তাকে উদ্দেশ করে বেশ কিছু প্রশ্ন ও পর্যবেক্ষণ তুলে ধরেন।
স্ট্যাটাসের শুরুতে তিনি জানান, বিতর্কে জড়ানোর মতো যোগ্যতা তার নেই, তবে নিজের বক্তব্য জানানোর সাহস রয়েছে। এবারের নির্বাচনে পুলিশের ভূমিকা নিয়ে বিরূপ মন্তব্য না আসার প্রসঙ্গ টেনে তিনি অতীতের ১৯৯১, ১৯৯৬, ২০০১ ও ২০০৮ সালের নির্বাচনেও পুলিশের ভূমিকা নিয়ে তেমন নেতিবাচক আলোচনা হয়েছিল কি না সে প্রশ্ন তোলেন।
তিনি লেখেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দায়িত্ব পালন এবং দলীয় সরকারের অধীনে নির্বাচনী দায়িত্ব পালনের মধ্যে মৌলিক পার্থক্য রয়েছে। সাংগঠনিকভাবে পুলিশ বাহিনী দীর্ঘদিন ধরে দুর্বল অবস্থায় রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। তার দাবি, প্রতিষ্ঠানকে শক্তিশালী করার বদলে অনেক কর্মকর্তা ব্যক্তিগত ক্ষমতা ও পদোন্নতির দৌড়ে বেশি মনোযোগ দিয়েছেন, যার প্রভাব এখনো বহমান।
বর্তমান পুলিশ সদস্যদের প্রসঙ্গে তিনি বলেন, দলীয় সরকারের অধীনে দায়িত্ব পালন করলে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠতেই পারে—এমন ধারণা তার রয়েছে। তবে তিনি স্পষ্ট করেন, এটি তার ব্যক্তিগত উপলব্ধি।
পোস্টের একাংশে নিজের বিষয়ে করা মন্তব্যেরও জবাব দেন অতিরিক্ত ডিআইজি বিপ্লব। তিনি অনুরোধ জানান, তার সম্পর্কে মূল্যায়নের আগে সহকর্মী ও কর্মস্থলের অভিজ্ঞদের কাছ থেকে খোঁজ নেওয়ার জন্য। অন্যদের সঙ্গে তাকে এক কাতারে না দেখার আহ্বানও জানান তিনি।
স্ট্যাটাসের শেষাংশে সংশ্লিষ্ট ব্যক্তির প্রতি শ্রদ্ধা ও শুভকামনা প্রকাশ করেন বিপ্লব।