স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, “নির্বাচনের সবচেয়ে বড় শক্তি হলো জনগণ। তারা একবার ভোটের মুডে চলে গেলে কেউ আর তাদের আটকাতে পারবে না।”
বুধবার (৫ নভেম্বর) সকালে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, কৃষি উৎপাদন, সার, বীজ ও সেচ ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়।
তিনি বলেন, নির্বাচনে অংশ নেওয়া সব দলেরই দায়িত্ব আইনশৃঙ্খলা বজায় রাখা। নির্বাচন কমিশন, প্রশাসন ও নিরাপত্তা বাহিনী সমন্বিতভাবে কাজ করলে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করা সম্ভব। ইতোমধ্যে নির্বাচনের স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করতে প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, “নির্বাচন হবে ফ্রি, ফেয়ার, ক্রেডিবল এবং উৎসবমুখর। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার মতো যথেষ্ট প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্বাচনী পরিবেশ নিয়ে কোনো আশঙ্কা নেই।”
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জামিনে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা যদি নতুন করে অপরাধে জড়ায়, তবে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একইসঙ্গে নির্বাচন ঘিরে গুজব ছড়ানোর চেষ্টা ঠেকাতে মন্ত্রণালয় নজরদারি জোরদার করেছে।
পার্শ্ববর্তী দেশ থেকে কখনও কখনও গুজব ছড়ানোর অভিযোগের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “আপনারা সাংবাদিকরা যেন সত্য তথ্য তুলে ধরেন, ভুল তথ্যের প্রচার যেন না হয়।”
এ সময় তিনি মাদক, দুর্নীতি ও চাঁদাবাজি দমনে সাংবাদিক ও জনগণের সহযোগিতা কামনা করেন।