নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন স্থানীয় সরকার বিভাগের পরিকল্পনা অধিশাখা–১ এর যুগ্ম সচিব ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ। তিনি অতিরিক্ত দায়িত্ব হিসেবে নাসিকের প্রশাসকের দায়িত্ব পালন করবেন।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় (এলজিআরডি) থেকে গত ১ সেপ্টেম্বর তার নিয়োগের আদেশ জারি হয়। সেপ্টেম্বরের শুরুতে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে এ এইচ এম কামরুজ্জামান নাসিক প্রশাসকের দায়িত্বে ছিলেন, যিনি সম্প্রতি খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদে যোগ দেন।
ড. আব্দুল্লাহ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের ছোট ভাই। এ তথ্য প্রকাশের পর থেকেই তার নিয়োগ নিয়ে প্রশাসনিক মহলে নানা আলোচনা শুরু হয়েছে।
একাধিক সূত্র জানায়, সম্প্রতি আইন মন্ত্রণালয়ের সচিব পদে নিয়োগ পাওয়া লিয়াকত আলী মোল্লাও প্রেস সচিবের ঘনিষ্ঠজন এবং তারা দুজনই মাগুরার একই গ্রামের বাসিন্দা। বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে তাদের একসঙ্গে দেখা গেছে বলেও জানা যায়।
তবে এসব আলোচনার বিষয়ে প্রেস সচিব শফিকুল আলম স্পষ্টভাবে বলেন,“আমার ভাইকে নিয়োগ দিতে আমি কোনো ধরনের প্রভাব খাটাইনি। এই পদে তার নিয়োগ সম্পূর্ণ সরকারি প্রক্রিয়ায় হয়েছে। আমি এলজিআরডি উপদেষ্টা, সচিব কিংবা অন্য কোনো কর্মকর্তার সঙ্গেও এ বিষয়ে কথা বলিনি।”
তিনি আরও বলেন, “আমার ভাই একজন দক্ষ ও যোগ্য কর্মকর্তা। জার্মানি থেকে মাস্টার্স, অস্ট্রেলিয়া থেকে পিএইচডি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফার্স্ট ক্লাস ফার্স্ট ডিগ্রি অর্জন করেছেন। তার যোগ্যতার কারণে এমন দায়িত্ব পাওয়া স্বাভাবিক।”
এ বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, “প্রেস সচিবের ভাই হিসেবে নয়, বরং কর্মকর্তা সংকটের কারণে কয়েকজনকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হচ্ছে। নছর সাহেবও সেই তালিকার একজন।”
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন জানান,“তিনি ৩১ আগস্ট নাসিক প্রশাসকের দায়িত্ব নেন। পরে জানতে পারি তিনি প্রেস সচিবের ভাই।”
তবে সরাসরি মন্তব্য জানতে প্রশাসক ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তার সাড়া পাওয়া যায়নি।