সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল সম্প্রতি তার বিরুদ্ধে ওঠা দুর্নীতির সব অভিযোগ স্পষ্টভাবে খণ্ডন করেছেন। তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে জানিয়েছেন, জীবনের কোনো পর্যায়েই তিনি এক টাকার দুর্নীতিও করেননি।
পোস্টে আসিফ নজরুল উল্লেখ করেন, বিদায়ের পর নতুন করে তার বিরুদ্ধে বিভিন্ন গুজব ছড়ানো হচ্ছে। বিশেষ করে বিদেশে বাড়ি কেনা বা পরিবারসহ স্থায়ী হওয়ার বিষয়টি তিনি ‘ভিত্তিহীন’ দাবি হিসেবে উড়িয়ে দেন। তিনি জানান, বিশ্বের কোনো দেশে তার সম্পত্তি নেই।
তিনি বলেন, “আমেরিকায় বাড়ি কিনেছি, সব পরিবার নিয়ে চলে গেছি—এ ধরনের গুজব এক বছর আগে ইউটিউবে ছড়িয়েছিল। আমি সেই সময় সকল ইউটিউবার, সাংবাদিক ও গোয়েন্দাদের চ্যালেঞ্জ করেছি প্রমাণ দেখানোর জন্য। আট মাস পার হলেও কেউ কোনো প্রমাণ দিতে পারেনি।”
আসিফ নজরুল আরও উল্লেখ করেন, অন্তর্বর্তীকালীন সরকারের বিদায়ের পর তার বিরুদ্ধে নতুন ধরনের দুর্নীতি সংক্রান্ত খবর ছড়ানো শুরু হয়। প্রথমে অনলাইন, পরে কিছু সংবাদমাধ্যমে পৌঁছায়। তিনি বলেন, “যারা এসব মিথ্যাচারে ভ্রান্ত ধারণায় ভোগছেন, তাদের জন্য আমার বক্তব্য স্পষ্ট হওয়া জরুরি।”
তিনি তিনটি মূল দিক স্পষ্ট করেছেন:
১. কখনো দুর্নীতি করেননি, কোনো নতুন সম্পত্তি, ব্যাংক অ্যাকাউন্ট বা আয়কর তথ্য লুকাননি।
২. স্বজনপ্রীতি বা আত্মীয়দের কোনো সুবিধা প্রদান করেননি, প্রায় পাঁচ হাজার আইন কর্মকর্তার নিয়োগে কোনো আত্মীয়কেই সুযোগ দেননি।
৩. এলাকাপ্রীতি বা ব্যক্তিগত সুবিধা চেয়ে কোনো অনুদান পাননি, শুধু নিয়ম অনুযায়ী ধর্ম মন্ত্রণালয় ও ঢাবির অনুরোধের ভিত্তিতে সীমিত সহায়তা দিয়েছেন।
আসিফ নজরুল বলেন, “আমি বহু মিথ্যাচার সহ্য করেছি, কিন্তু চুরি বা অন্যের হক মেরে বেঁচে থাকার জন্য সৃষ্টি হইনি। যারা অপবাদ ছড়াচ্ছেন, তাদের সঙ্গে ঝগড়ার রুচি আমার নেই। আল্লাহ আমার জন্য যথেষ্ট।”
শেষে বলেন “হাসবুনাল্লাহু ওয়া নিয়ামাল ওয়াকিল।”