জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বাংলাদেশ জাতীয় লীগ রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের প্রাথমিক শর্ত পূরণ করেছে। তবে এনসিপির প্রতীক নিয়ে জটিলতা থাকায় নির্বাচন কমিশন (ইসি) তাদের কাছে প্রতীক নিশ্চিতে চিঠি পাঠাবে। একইসঙ্গে তিনটি দল পর্যবেক্ষণে এবং ৯টি দল অধিকতর তদন্তের আওতায় রয়েছে। ৭টি দলের নিবন্ধন ইতিমধ্যে বাতিল করা হয়েছে।
নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে সাংবাদিকদের জানান, রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে এবার মোট ১৪৩টি দল আবেদন করেছিল। এর মধ্যে প্রাথমিক যাচাই-বাছাই শেষে ২২টি দল নির্বাচিত হয়।
অনুসন্ধান শেষে দেখা গেছে, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বাংলাদেশ জাতীয় লীগ নিবন্ধনের জন্য প্রয়োজনীয় শর্ত পূরণ করেছে। বাংলাদেশ জাতীয় লীগের প্রতীক নিয়ে কোনো সমস্যা না থাকলেও এনসিপির প্রতীক নিয়ে জটিলতা তৈরি হয়েছে। এজন্য দলটির কাছে প্রতীক নিশ্চিতে চিঠি পাঠাবে ইসি।
তিনি আরও জানান, বাংলাদেশ আম জনগণ পার্টি, জাতীয় জনতা পার্টি এবং জাসদ (শাহজাহান সিরাজ) বর্তমানে ইসির পর্যবেক্ষণে রয়েছে। এ ছাড়া আরও ৯টি দল—আমজনতার দল, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্ক্স), বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি, মৌলিক বাংলা, জনতা পার্টি বাংলাদেশ, ভাসানী জনশক্তি পার্টি ও বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ—এর কার্যক্রম বিষয়ে অধিকতর তদন্ত করা হবে।
অন্যদিকে, ৭টি দল—ফরোয়ার্ড পার্টি, বাংলাদেশ সংস্কারবাদী পার্টি (বিআরপি), বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী-সিপিবি এম), জমিয়তে উলামায়ে ইসলাম, নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ বেকার সমাজ (বাবেস), বাংলাদেশ সলুশন পার্টি ও নতুন বাংলাদেশ পার্টি—এর নিবন্ধন বাতিল করেছে ইসি।