ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি অভিযোগ করেছেন, মাত্র এক রাতে দেশি–বিদেশি অন্তত ৩০টি ফোন নম্বর থেকে তিনি হত্যাসহ বিভিন্ন ধরনের প্রাণনাশের হুমকি পেয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এসব তথ্য জানান।
তার দাবি, বৃহস্পতিবার (১৩ নভেম্বর) গভীর রাত থেকে তিন ঘণ্টার মধ্যে একের পর এক কল ও বার্তা আসে। এসব কলদাতারা তাকে নজরদারিতে রাখা, বাড়িতে আগুন দেওয়া এবং তার মা, বোন ও স্ত্রীকে ধর্ষণের হুমকি দেয়।
ফেসবুক পোস্টে হাদি লেখেন, “গত তিন ঘণ্টায় ৩০টির বেশি বিদেশি নম্বর থেকে কল ও টেক্সট এসেছে। তারা বলছে—আমার বাড়ি জ্বালিয়ে দেবে, আমাকে হত্যা করবে, পরিবারকে নির্যাতন করবে।’’
তিনি আরও উল্লেখ করেন, “১৭ তারিখ খুনি হাসিনার রায় হবে। ন্যায়বিচারের লড়াই থেকে আমাকে সরাতে চাইলে আগুন-হত্যা যাই করুক, আমি পিছিয়ে আসব না।”
হাদি তার পোস্টে বলেন, অতীতে আবরার হত্যার পর যেমন নতুন প্রতিরোধ তৈরি হয়েছিল, তেমনি তাকে হত্যার চেষ্টা করলে আরও অনেক ‘হাদি’ জন্ম নেবে। তিনি আল্লাহর কাছে শক্তি ও সাহস চান এবং পরিবারের নিরাপত্তা আল্লাহর ওপর সোপর্দ করেন।
তার ভাষ্য অনুযায়ী, “শেষ নিঃশ্বাস পর্যন্ত আমাদের লড়াই চলবে। হাসবিয়াল্লাহ।”
উল্লেখ্য, ওসমান হাদি এরই মধ্যে ঢাকা-৮ আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন। গতকাল তিনি শাহবাগে নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি প্রতিরোধে ‘জনতার প্রতিরোধ’ নামে একটি কর্মসূচিও পরিচালনা করেন।