২০২৫-২৬ করবর্ষ থেকে ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য অনলাইন রিটার্ন বাধ্যতামূলক করেছে এনবিআর। তবে সিনিয়র নাগরিক, প্রতিবন্ধী, প্রবাসী এবং মৃত করদাতার প্রতিনিধিদের জন্য শর্ত শিথিল থাকবে। সুনির্দিষ্ট কারণ দেখিয়ে ব্যতিক্রম আবেদন করা যাবে।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ৪ আগস্ট ২০২৫-২৬ করবর্ষ থেকে ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য আয়কর রিটার্ন শুধুমাত্র অনলাইনে দাখিল বাধ্যতামূলক করেছে। নতুন আয়কর আইন, ২০২৩-এর ধারা ৩২৮ (৪) অনুযায়ী এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে রবিবার (৩ আগস্ট) একটি বিশেষ আদেশে জানানো হয়েছে।
তবে চার শ্রেণির করদাতার জন্য এই বাধ্যবাধকতা শিথিল করা হয়েছে। তারা হলেন:
১. ৬৫ বছর বা তার অধিক বয়সী করদাতা
২. শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা (প্রমাণসাপেক্ষে)
৩. বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিক
৪. মৃত করদাতার পক্ষে দায়িত্বপ্রাপ্ত আইনগত প্রতিনিধি
এদের ক্ষেত্রে ইচ্ছা অনুযায়ী অনলাইন বা পেপার রিটার্ন দাখিল করা যাবে।
তবে এই চার শ্রেণির বাইরে কোনো ব্যক্তি অনলাইনে রিটার্ন দাখিলে অপারগ হলে, তিনি ৩১ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট উপ কর কমিশনারের কাছে যৌক্তিক কারণসহ আবেদন করতে পারবেন। প্রয়োজন বিবেচনায় অতিরিক্ত বা যুগ্ম কর কমিশনারের অনুমোদন পেলে তাকে পেপার রিটার্ন দাখিলের সুযোগ দেওয়া হবে।
এই উদ্যোগের মাধ্যমে এনবিআর কর ব্যবস্থায় স্বচ্ছতা ও ডিজিটালাইজেশন নিশ্চিত করতে চায়।